ভোটের প্রচারে লাখ টাকার পারিশ্রমিক নেন টলিউড তারকারা!

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হলেও রাজনৈতিক উত্তাপ এখনও অব্যাহত। এরই মধ্যে নির্বাচনী প্রচারে টলিউড তারকাদের পারিশ্রমিক নিয়ে বিস্ফোরক দাবি করেছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র।
বিজ্ঞাপন
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, নির্বাচনী রোড-শো ও প্রচারণায় অংশ নিতে অনেক টলিউড তারকা ২ থেকে ৫ লাখ রুপি পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ থেকে ৭ লাখ টাকা।
তার মতে, এসব প্রচার কার্যক্রম কোনো সামাজিক দায়িত্ব নয়, বরং একটি লাভজনক পেশাগত কাজ। অনেক তারকা ক্যাশ অর্থে পারিশ্রমিক গ্রহণ করেন এবং অর্থ না পাওয়া পর্যন্ত প্রচারে অংশ নেন না বলেও তিনি দাবি করেন।
আরও পড়ুন: কাউকে হতাশ করতে চাই না : প্রীতি জিনতা
বিজ্ঞাপন
শুভ্রজিৎ মিত্র আরও বলেন, বেশিরভাগ তারকার নির্দিষ্ট রাজনৈতিক আদর্শ নেই, বরং তারা বিভিন্ন দলের হয়ে পেশাদার হিসেবে কাজ করেন। তার ভাষায়, নির্বাচনী প্রচার এখন অনেকের জন্য একটি ব্যবসায় পরিণত হয়েছে।
তিনি অভিযোগ করেন, প্রার্থীদের প্রচার কার্যক্রমে হেলিকপ্টার ভাড়া, র্যালি আয়োজন ও অন্যান্য খরচের আড়ালে কোটি কোটি রুপির লেনদেন হয়।
এছাড়া তিনি দাবি করেন, নির্বাচনী প্রচার ও আর্থিক লেনদেনের বিষয়ে প্রশাসনিক নজরদারি চলছে এবং ভবিষ্যতে এসব বিষয়ে তথ্য প্রকাশ পেতে পারে।
বিজ্ঞাপন
এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দল ভারতীয় জনতা পার্টি—উভয় দলের প্রচারেই টলিউডের একাধিক জনপ্রিয় তারকাকে দেখা গেছে। দেব, শ্রাবন্তী, অঙ্কুশ, পরমব্রত, সৌমিতৃষা কুণ্ডুসহ অনেকেই বিভিন্ন প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেন।
শুভ্রজিৎ মিত্রের এই মন্তব্য ঘিরে টলিউড ও রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।








