দীর্ঘ কারাবাস শেষে মুক্তি পেলেন অভিনেতা সিদ্দিকুর রহমান

প্রায় ১০ মাস কারাগারে থাকার পর অবশেষে মুক্তি পেয়েছেন জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান। তিনি নিজেই এক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। অভিনেতার জানান, গত ১৮ মার্চ তিনি কারামুক্ত হন।
বিজ্ঞাপন
মুক্তির অনুভূতি সম্পর্কে সিদ্দিকুর রহমান বলেন, দীর্ঘ সময় কারাগারে থাকার পর স্বাভাবিক জীবনে ফিরে আসার অভিজ্ঞতা তার কাছে একেবারেই ভিন্ন।
তিনি জানান, এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। জীবনের এই সময়টিকে তিনি নতুন এক অভিজ্ঞতা হিসেবে দেখছেন।
বিজ্ঞাপন
কারামুক্তির পরপরই তিনি কিছুদিন পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন বলে জানান।
তিনি আরও জানান, দীর্ঘদিন ভিন্ন পরিবেশে থাকার পর স্বাভাবিক জীবনে ফিরতে কিছুটা সময় প্রয়োজন ছিল। তাই বিষয়টি প্রকাশে দেরি করেছেন তিনি। বর্তমানে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করছেন।
উল্লেখ্য, রাজধানীর গুলশান এলাকায় একটি হত্যা মামলার ঘটনায় গত বছরের জুলাই মাসে সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
বিজ্ঞাপন
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই গুলশানের সুবাস্তু টাওয়ারের সামনে আন্দোলনে অংশ নেওয়ার সময় ফার্নিচারকর্মী পারভেজ বেপারী গুলিবিদ্ধ হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন, যার সূত্র ধরেই অভিনেতাকে গ্রেপ্তার করা হয়েছিল।








