Logo

অপূর্বর গল্প ও চিত্রনাট্যে ঈদের নাটক ‘অচেনা আমি’

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ মে, ২০২৬, ১৭:৪৪
অপূর্বর গল্প ও চিত্রনাট্যে ঈদের নাটক ‘অচেনা আমি’
ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দর্শকদের জন্য নতুন নাটক নিয়ে হাজির হচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তার গল্প ও চিত্রনাট্যে নির্মিত বিশেষ নাটক ‘অচেনা আমি’ পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। এতে অপূর্বর বিপরীতে অভিনয় করেছেন তরুণ অভিনেত্রী নাজনীন নাহার নিহা।

বিজ্ঞাপন

সম্প্রতি নাটকটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে এটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। নাটকটির গল্প, পোস্টার ও নির্মাণশৈলী নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে নাটকপ্রেমীদের মধ্যে।

নাটকটি প্রসঙ্গে নিজের অনুভূতির কথা জানিয়ে অপূর্ব লিখেছেন, সব চেহারাই কি চেনা? নাকি সব চেনা মানুষের আড়ালেও লুকিয়ে থাকে এক অচেনা আমি? ভালোবাসা আর আত্মপরিচয়ের এক অদ্ভুত সমীকরণ নিয়ে আসছি আমরা।

বিজ্ঞাপন

অভিনেতা হিসেবে দীর্ঘদিন ধরে দর্শকদের কাছে জনপ্রিয় হলেও লেখক হিসেবে এবার নতুনভাবে আলোচনায় আসছেন অপূর্ব। এটি তার লেখা দ্বিতীয় চিত্রনাট্য। এর আগে নিজের পরিচালিত একটি টেলিফিল্মের চিত্রনাট্যও তিনি লিখেছিলেন।

পরিচালক তানিম রহমান অংশু জানান, ‘অচেনা আমি’ মূলত একটি রোম্যান্টিক ঘরানার নাটক। তবে চিরাচরিত প্রেমের গল্পের পাশাপাশি এতে মানুষের জীবনের গভীর উপলব্ধি এবং প্রিয়জনকে হারিয়ে পুনরায় খুঁজে পাওয়ার এক মানবিক গল্প ফুটে উঠেছে। নির্মাতা আরও জানান, এই কাজের নেপথ্যে অপূর্বর সৃজনশীল ভাবনা নাটকটিকে ভিন্ন মাত্রা দিয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি অপূর্বর গল্প ভাবনায় এর আগেও বেশ কিছু জনপ্রিয় নাটক নির্মিত হয়েছে। ২০০৭ সালে চয়নিকা চৌধুরীর পরিচালনায় তার লেখা প্রথম নাটক ‘স্বপ্নের নীল পরী’ প্রচারিত হয়। এরপর ‘এক টুকরো নীল’, ‘ভালোবাসার শুরু’ এবং ‘ফিরে আসা’সহ একাধিক নাটক নির্মিত হয়েছে তার গল্পে।

জানা গেছে, কোরবানির ঈদের দ্বিতীয় দিন ইউটিউবের ‘ক্যাপিটাল ড্রামা’ চ্যানেলে প্রকাশ করা হবে নাটক ‘অচেনা আমি’।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD