এবার বিনোদন জগতে অভিষেক হতে যাচ্ছে রোহিত শর্মার

ক্রিকেট মাঠের পর এবার বিনোদনের দুনিয়াতেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ভারতীয় ক্রিকেট তারকা রোহিত শর্মা। সম্প্রতি ‘সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া’ তারকাকে নিয়ে একটি নতুন প্রজেক্টের প্রথম টিজার প্রকাশ করেছে, যা প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।
বিজ্ঞাপন
টিজারে দেখা যায়, একদল উচ্ছ্বসিত ভক্ত রোহিত শর্মাকে ঘিরে ধরেছেন এবং তার সেই ভাইরাল সংলাপ— “কোই ভি গার্ডেন মে নেহি ঘুমেগা” শোনার জন্য আগ্রহ প্রকাশ করছেন। মূলত একটি ক্রিকেট ম্যাচ চলাকালে স্টাম্প মাইকে ধরা পড়া এই স্বতঃস্ফূর্ত মন্তব্যই পরে ইন্টারনেটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়।
প্রকাশিত টিজারে রোহিতকে হাস্যরসাত্মক ভঙ্গিতে পুরো পরিস্থিতি সামলাতে দেখা যায়। একইসঙ্গে তিনি নিজের সম্ভাব্য শো নিয়ে মজার ছলে নানা ইঙ্গিত ও কথাও বলেন, যা দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।
বিজ্ঞাপন
সনি পিকচার্সের এই ক্যাম্পেইনটি মূলত রোহিত শর্মার ক্রিকেটীয় পরিচয়ের বাইরে তার স্বাভাবিক আকর্ষণীয় ব্যক্তিত্ব ও হাস্যরসাত্মক উপস্থাপনাকে কেন্দ্র করে সাজানো হয়েছে। এতে তাকে একজন এন্টারটেইনার হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে।
টিজারটির সিনেমাটিক উপস্থাপনা দেখে ভক্তদের মনে প্রশ্ন জেগেছে— তবে কি রোহিত শর্মা এবার বলিউডি কায়দায় স্থায়ীভাবে বিনোদন জগতে পা রাখতে চলেছেন? প্রচারণার ধরন দেখে এটিকে গতানুগতিক টেলিভিশন শো-এর চেয়ে বড় কোনো বলিউড স্টাইল লঞ্চ হিসেবেই মনে করছেন দর্শকরা।
সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, প্রজেক্টটি সনি লিভ এবং সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে সম্প্রচারিত হবে। যদিও শো-টির মূল বিষয়বস্তু এখনো গোপন রাখা হয়েছে, তবে ধারণা করা হচ্ছে এটি কৌতুক ও তারকাবহুল একটি অনুষ্ঠান হতে যাচ্ছে।
বিজ্ঞাপন
ব্রডকাস্টাররা এটিকে বছরের অন্যতম বড় বিনোদনমূলক অভিষেক হিসেবে বর্ণনা করেছেন।
ভারতের অন্যতম সফল এই অধিনায়ক এখন ক্রিকেটের গণ্ডি পেরিয়ে নিজেকে মূলধারার বিনোদন জগতেও প্রতিষ্ঠিত করার পথে এগোচ্ছেন। সনি কর্তৃপক্ষ বিস্তারিত তথ্য প্রকাশ না করলেও ক্রিকেট ও বিনোদন— দুই ক্ষেত্রের দর্শকদের মধ্যেই এই প্রজেক্টটি ঘিরে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
সূত্র: সামা টিভি








