ফিফা বিশ্বকাপের মঞ্চ : কে এই বাংলাদেশি ডিজে সানজয়?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীত প্রযোজক ও ডিজে সানজয়। বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরের মঞ্চে তার অংশগ্রহণের খবর প্রকাশ হওয়ার পর আন্তর্জাতিক সংগীত অঙ্গনে তাকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশের জন্যও এটি গর্বের একটি মুহূর্ত হিসেবে দেখছেন সংগীতপ্রেমীরা।
বিজ্ঞাপন
বাংলাদেশে জন্ম নেওয়া সানজয় পরবর্তীতে যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠেন। বর্তমানে তিনি লস অ্যাঞ্জেলেসে বসবাস করছেন এবং ইডিএম (ইলেকট্রনিক ডান্স মিউজিক) প্রযোজক ও ডিজে হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করছেন। ইলেকট্রনিক, ফিউশন ও আরবান ঘরানার সংগীতে তার স্বতন্ত্র কাজ ইতোমধ্যেই বিভিন্ন দেশে জনপ্রিয়তা পেয়েছে।
সংগীতজীবনে সানজয় যুক্তরাষ্ট্র ও ভারতের সংগীতাঙ্গনে শক্ত অবস্থান তৈরি করেছেন। বিশেষ করে বলিউড ও আরবান পাঞ্জাবি সংগীতধারায় তার কাজ ব্যাপক পরিচিতি পেয়েছে। তার প্রযোজনায় গান করেছেন ভারতের জনপ্রিয় শিল্পী অরিজিৎ সিং, গুরু রন্ধাওয়া, সুনিধি চৌহান, জনিতা গান্ধী এবং বেনি দয়ালসহ আরও অনেকে। এছাড়া মার্কিন সংগীতশিল্পী এলিয়ট ইয়ামিন, ট্রেভর হোমস ও অ্যাশ কিংয়ের মতো শিল্পীদের সঙ্গেও কাজ করেছেন তিনি।
বিজ্ঞাপন

বলিউডের বিভিন্ন জনপ্রিয় গানের সংগীত প্রযোজনা ও অ্যারেঞ্জমেন্টেও যুক্ত ছিলেন সানজয়। সমসাময়িক হিন্দি, ফিউশন ও ডান্স মিউজিক প্রজেক্টে কাজের মাধ্যমে ধীরে ধীরে আন্তর্জাতিক অঙ্গনে নিজের আলাদা পরিচিতি তৈরি করেন তিনি।
সম্প্রতি আন্তর্জাতিক সংগীত তারকা বাদশাহ ও নোরা ফাতেহির সঙ্গে ‘সজন রে’ শিরোনামের একটি গানে কাজ করছেন সানজয়। গানটির শুটিং বিভিন্ন দেশে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। শুধু আন্তর্জাতিক অঙ্গনেই নয়, বাংলাদেশের সংগীতেও অবদান রেখেছেন তিনি। বাংলাদেশি শিল্পী জেফার ও মুজার আলোচিত গান ‘আড়ালে হারালে’-এর সংগীত পরিচালনাও করেছেন তিনি।
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগকে নিজের জীবনের অন্যতম বড় অর্জন হিসেবে দেখছেন সানজয়। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ছোট একটি স্টুডিও থেকে শুরু হওয়া তার সংগীতযাত্রা আজ বিশ্বমঞ্চে পৌঁছাতে যাচ্ছে—এটি তার কাছে অবিশ্বাস্য অনুভূতি। যারা শুরু থেকে তার ওপর বিশ্বাস রেখেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।
বিজ্ঞাপন
আয়োজকদের প্রকাশিত তালিকা অনুযায়ী, ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে সানজয়ের সঙ্গে আরও পারফর্ম করবেন বিশ্বখ্যাত সংগীত তারকারা। তাদের মধ্যে রয়েছেন কেটি পেরি, ফিউচার, অ্যালানিস মরিসেট, মাইকেল বুবলে, জে বালভিন এবং লিসা।

আয়োজকরা জানিয়েছেন, এবারের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন অঞ্চলের সংস্কৃতি ও সংগীতকে একই মঞ্চে তুলে ধরা হবে। সেই লক্ষ্যেই পপ, হিপহপ, লাতিন, জ্যাজ ও ইলেকট্রনিক ঘরানার জনপ্রিয় শিল্পীদের নিয়ে বিশেষ আয়োজন সাজানো হয়েছে। বাংলাদেশের একজন শিল্পীর এই বৈশ্বিক আয়োজনে অংশগ্রহণকে দেশের সংগীতাঙ্গনের জন্য বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে।








