মঞ্চে উঠে থামছিলেন না নারী ভক্ত, অস্বস্তিতে আতিফ আসলাম

মঞ্চে এক নারী ভক্তের আচরণে অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামকে। সম্প্রতি পাকিস্তানের ডিএইচএ স্পোর্টস ক্লাবে আয়োজিত এক কনসার্টে ঘটে এই ঘটনা। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কনসার্ট চলাকালে আতিফ আসলাম গান পরিবেশন করছিলেন। এমন সময় হঠাৎ এক তরুণী দর্শকসারি থেকে উঠে মঞ্চে চলে আসেন। প্রথমদিকে বিষয়টিকে স্বাভাবিকভাবেই নেন শিল্পী। ভক্তের আবদার মেনে হাসিমুখেই তাকে সেলফি তোলার সুযোগ করে দেন তিনি।
তবে একটি ছবি তোলার পরও ওই তরুণী মঞ্চ ছাড়তে রাজি হননি। বরং তিনি বারবার ক্যামেরা সামনে ধরে আরও ছবি তোলার অনুরোধ করতে থাকেন। এতে অনুষ্ঠানটির স্বাভাবিক পরিবেশ কিছুটা ব্যাহত হয়। একপর্যায়ে পরিস্থিতিতে বিরক্ত হয়ে গান থামিয়ে মঞ্চের এক পাশে সরে দাঁড়াতে দেখা যায় আতিফ আসলামকে।
বিজ্ঞাপন

ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, পরিস্থিতি বেগতিক দেখে নিরাপত্তারক্ষীরা দ্রুত মঞ্চে এসে ওই তরুণীকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে ওই ভক্ত তখনও নাছোড়বান্দা ছিলেন এবং নিরাপত্তারক্ষীদের সঙ্গে তর্কে লিপ্ত হন। তরুণীর এমন অপেশাদার আচরণে আতিফ আসলামের চোখেমুখে বিরক্তি ফুটে উঠলেও তিনি যথেষ্ট ধৈর্য ও শান্ত মেজাজে পরিস্থিতি সামাল দিয়েছেন।
সামাজিক মাধ্যমে এই ঘটনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নেটিজেনদের বড় একটি অংশ প্রিয় তারকার সঙ্গে ভক্তদের এমন অপেশাদার ও কাণ্ডজ্ঞানহীন আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে অনুষ্ঠান চালিয়ে যাওয়ার জন্য আতিফ আসলামের প্রশংসাও করছেন অনেকে।
বিজ্ঞাপন








