৫০০ রুপি পারিশ্রমিক থেকে মুখ্যমন্ত্রী, সিনেমাকেও হার মানালেন বিজয়

মাত্র ৫০০ রুপি পারিশ্রমিক নিয়ে শিশুশিল্পী হিসেবে অভিনয়জীবন শুরু করেছিলেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। সেই ছোট্ট শুরু থেকে আজ তিনি পৌঁছে গেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর আসনে। অভিনয় জগতের সুপারস্টার থেকে রাজনীতির শীর্ষ নেতৃত্বে ওঠার এই যাত্রা এখন ভারতজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
বিজ্ঞাপন
দীর্ঘ রাজনৈতিক নাটকীয়তার পর শেষ পর্যন্ত তামিলনাড়ুতে সরকার গঠন করেছে বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে)। কংগ্রেস, ভিসিকে, সিপিআই এবং সিপিএমের সমর্থনে গঠিত জোট সরকার রবিবার (১০ মে) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে। টানা কয়েকদিনের রাজনৈতিক অনিশ্চয়তা ও জোট আলোচনা শেষে অবশেষে সরকার গঠনের পথ পরিষ্কার হয়।
রবিবার সকাল ১০টায় চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন টিভিকে সভাপতি থালাপতি বিজয়। সিনেমার পর্দায় অসংখ্য ব্লকবাস্টার উপহার দেওয়া এই অভিনেতার রাজনৈতিক অভিষেকও যেন কোনো চলচ্চিত্রের গল্পকে হার মানায়।
বিজ্ঞাপন
চলচ্চিত্র পরিবারের সন্তান হওয়ায় ছোটবেলা থেকেই সিনেমার আবহে বেড়ে ওঠেন বিজয়। তার বাবা এস এ চন্দ্রশেখর ছিলেন তামিল চলচ্চিত্রের পরিচিত নির্মাতা ও পরিচালক। বাবার পরিচালিত ১৯৮৪ সালের সিনেমা ‘ভেটরি’ দিয়েই অভিনয়ে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। সেই ছবিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করে মাত্র ৫০০ রুপি পারিশ্রমিক পেয়েছিলেন বিজয়।
এক সাক্ষাৎকারে এস এ চন্দ্রশেখর জানান, ওই ছবিতে অভিনয়ের জন্য বিজয় পারিশ্রমিক পেয়েছিলেন মাত্র ৫০০ রুপি। তখন হয়তো কেউ কল্পনাও করেননি, সেই ছোট্ট শিশুশিল্পী একদিন দক্ষিণ ভারতীয় সিনেমার সবচেয়ে প্রভাবশালী তারকাদের একজন হয়ে উঠবেন।
চন্দ্রশেখরের দাবি, অনেক আগেই বিজয় তাকে বলেছিলেন— একদিন তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হবেন। সময়ের সঙ্গে সেই কথাই বাস্তবে রূপ নিয়েছে।
বিজ্ঞাপন
মাত্র ৫০০ রুপি থেকে শুরু হওয়া এই যাত্রা এখন পৌঁছেছে অভাবনীয় উচ্চতায়। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিজয়ের আলোচিত সর্বশেষ সিনেমা ‘জন নায়গন’-এর জন্য তিনি প্রায় ২২০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। যা তাকে ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের কাতারে নিয়ে গেছে।
হিসাব বলছে, শিশুশিল্পী হিসেবে পাওয়া ৫০০ রুপি থেকে বর্তমান ২২০ কোটি রুপির এই উত্থান প্রায় ৪ কোটি ৪০ লাখ শতাংশেরও বেশি। ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে এমন বিস্ময়কর সাফল্যের গল্প খুব কমই দেখা যায়।
বিজ্ঞাপন








