Logo

ভারতে নেওয়া হচ্ছে কারিনা কায়সারকে, দোয়া চাইলেন বাবা

profile picture
বিনোদন প্রতিবেদক
১১ মে, ২০২৬, ১৪:৩৬
ভারতে নেওয়া হচ্ছে কারিনা কায়সারকে, দোয়া চাইলেন বাবা
ছবি: সংগৃহীত

লিভারের জটিলতায় গুরুতর অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়া হচ্ছে। সোমবার বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন তার বাবা ও সাবেক জাতীয় ফুটবলার কায়সার হামিদ।

বিজ্ঞাপন

বর্তমানে লাইফ সাপোর্টে থাকা মেয়ের চিকিৎসা নিয়ে উদ্বেগ প্রকাশ করে কায়সার হামিদ বলেন, ভিসা পাওয়ার পর দ্রুতই এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে চেন্নাইয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তিনি জানান, হাসপাতালে চিকিৎসা ব্যয় ও এয়ার অ্যাম্বুলেন্সের খরচ মিলিয়ে পরিবারকে বড় আর্থিক চাপের মুখে পড়তে হচ্ছে।

চিকিৎসার খরচ মেটাতে পরিবারের ফিক্সড ডিপোজিট ভাঙতে হচ্ছে এবং একটি জমি বিক্রির প্রক্রিয়াও চলছে বলে জানান তিনি। একই সঙ্গে তিনি মেয়ের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান।

বিজ্ঞাপন

কারিনার শারীরিক অবস্থা সম্পর্কে তিনি বলেন, বড় কোনো উন্নতি হয়নি, তবে চিকিৎসকেরা তার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছেন।

পরিবার সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন কারিনা। প্রথমে বিষয়টি সাধারণ সমস্যা মনে হলেও পরে অবস্থার অবনতি ঘটে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা জানান, তিনি সংক্রমণ ও হেপাটাইটিস-এ-তে আক্রান্ত হয়েছেন। আগে থেকেই তার ফ্যাটি লিভারের সমস্যা ছিল। পরবর্তীতে জটিলতা বাড়তে বাড়তে গত শুক্রবার লিভার ফেইলিউর হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

এর আগে কায়সার হামিদ জানান, পরিবারের পক্ষে চিকিৎসা ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে, কারণ তার এক ভাই দীর্ঘদিন ব্রেন ক্যানসারের চিকিৎসায় বিপুল অর্থ ব্যয় করেছেন।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরসাত্মক ও জীবনঘনিষ্ঠ কনটেন্ট তৈরি করে তরুণদের কাছে জনপ্রিয়তা পান কারিনা কায়সার। পাশাপাশি তিনি অভিনয় ও চিত্রনাট্য লেখার কাজেও যুক্ত ছিলেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD