ফার্স্ট লুকেই আলোচনায় তটিনি-পার্থের ‘অমর প্রেম’

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনি এবং উদীয়মান অভিনেতা পার্থ শেখ প্রথমবারের মতো জুটি বেঁধেছেন নতুন একটি নাটকে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নির্মিত এই নাটকের নাম ‘অমর প্রেম’। নাটকটি পরিচালনা করেছেন নির্মাতা জাহিদুল ইসলাম সুজন।
বিজ্ঞাপন
সিএমভি প্রযোজিত এই নাটকের গল্প গড়ে উঠেছে দুই তরুণ-তরুণীর প্রেম, আবেগ, সম্পর্কের টানাপোড়েন এবং পাওয়া-না পাওয়ার নানা অনুভূতিকে কেন্দ্র করে। সম্প্রতি নাটকটির ফার্স্ট লুক সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে কৌতূহল ও আলোচনা শুরু হয়েছে।
নির্মাতা জাহিদুল ইসলাম সুজন তার ফেসবুক পেজে নাটকের একটি ঝলক শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, “অমর প্রেম এক ঝলক। এই ঈদে আসছে সিএমভি থেকে।” এরপর থেকেই নাটকটি নিয়ে সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
বিজ্ঞাপন
নতুন এই জুটিকে ঘিরে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়াও তৈরি হয়েছে। অনেকে তটিনি ও পার্থ শেখের নতুন রসায়নকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। আবার কেউ কেউ মনে করছেন, তটিনির বিপরীতে ইয়াশ রোহান, জোভান কিংবা জিয়াউল ফারুক অপূর্ব–এর মতো পরিচিত মুখদেরই বেশি মানায়।
তবে সামাজিক মাধ্যমে অনেক দর্শক নতুন জুটিকে সুযোগ দেওয়ার পক্ষেও মত দিয়েছেন। তাদের মতে, একই জুটির পুনরাবৃত্তির বাইরে এসে নতুন রসায়ন দর্শকদের জন্য ভিন্ন অভিজ্ঞতা তৈরি করতে পারে।
আরও পড়ুন: সবুজের মায়ায় ভক্তদের মাতালেন পূর্ণিমা
বিজ্ঞাপন
জানা গেছে, আসন্ন ঈদে নাটকটি সিএমভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। এখন দেখার বিষয়, তটিনি ও পার্থ শেখের এই নতুন জুটি দর্শকদের হৃদয়ে কতটা জায়গা করে নিতে পারে।








