Logo

আমার দিকে কেউ ফিরেও তাকাল না : রজনীকান্ত

profile picture
বিনোদন ডেস্ক
১৪ মে, ২০২৬, ১৪:২২
আমার দিকে কেউ ফিরেও তাকাল না : রজনীকান্ত
ছবি: সংগৃহীত

দক্ষিণ ভারতীয় সিনেমার সুপারস্টার রজনীকান্ত। পর্দায় তার উপস্থিতি মানেই দর্শকের উচ্ছ্বাস, প্রেক্ষাগৃহে ভিড়।তবে সেই জনপ্রিয় তারকাকেই নাকি দেখেও দেখছিল না কেউ! খোদ রজনী নিজেই জানিয়েছেন তার সেই অবাক করা অভিজ্ঞতার কথা।

বিজ্ঞাপন

সম্প্রতি আধ্যাত্মিক গুরু রবিশঙ্করের ‘আর্ট অব লিভিং’ ফাউন্ডেশনের ৪৫ বছর পূর্তি উপলক্ষে বেঙ্গালুরুতে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেন রজনীকান্ত। সেখানেই নিজের জীবনের ব্যতিক্রমী সেই অভিজ্ঞতা শেয়ার করেন তিনি।

রজনীকান্ত বলেন, আশ্রমে যাওয়ার আগে তিনি ভেবেছিলেন, অন্যান্য জায়গার মতো এখানেও মানুষ তাকে ঘিরে ধরবে। কিন্তু বাস্তবে ঘটেছে ঠিক উল্টো ঘটনা। তার ভাষায়, “আমি ভেবেছিলাম অন্য সব জায়গার মতো এখানেও মানুষ আমাকে এক পলক দেখার জন্য আগ্রহী থাকবে। সেখানে তামিলনাড়ুর অনেক মানুষও ছিলেন।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “শত শত মানুষের ভিড় ছিল, কিন্তু বিশ্বাস করুন—একজনও আমার দিকে ফিরে তাকাচ্ছিল না। সেই মুহূর্তেই বুঝেছি আধ্যাত্মিকতার শক্তি কতটা গভীর। সেখানেই সত্যিকারের স্টারডমের অর্থ উপলব্ধি করেছি।”

অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি জানান, সবুজ প্রকৃতি, সরোবর আর প্রাণীদের মাঝে কাটানো সময় ছিল তার জীবনের এক বিশেষ প্রাপ্তি। মজার ছলে তিনি বলেন, “ওখানে অনেক হাতি, ঘোড়া আর গরু ছিল। এমনকি একটি ঘোড়ার নামও ছিল রজনী।”

বিজ্ঞাপন

উল্লেখ্য, একসময় কুলি ও বাসের কন্ডাক্টর হিসেবে কর্মজীবন শুরু করা এই তারকা বর্তমানে ভারতের অন্যতম সফল অভিনেতা। তার সম্পদের পরিমাণ প্রায় ৪০০ কোটি টাকা। এর আগেও সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়া, বিমানের ইকোনমি ক্লাসে ভ্রমণসহ নানা ঘটনায় তার বিনয়ী ও ‘ডাউন টু আর্থ’ স্বভাব বারবার আলোচনায় এসেছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD