অসুস্থ কারিনাকে নিয়ে গুজব, ক্ষুব্ধ কায়সার হামিদ

ভারতে চিকিৎসাধীন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে নিয়ে সামাজিক মাধ্যমে মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় চরম ক্ষোভ জানিয়েছে তার পরিবার। বৃহস্পতিবার রাত থেকেই ফেসবুকের বিভিন্ন পেজ ও ব্যক্তিগত আইডি থেকে তার মৃত্যুর ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। অসুস্থ একজন মানুষকে ঘিরে এমন গুজব ছড়ানোকে অমানবিক বলেও মন্তব্য করেছেন স্বজনরা।
বিজ্ঞাপন
কারিনার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ এ ঘটনায় গভীর বিরক্তি ও হতাশা প্রকাশ করেছেন। শুক্রবার সংবাদমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি বলেন, মানুষের জীবনের কোনো নিশ্চয়তা নেই, মৃত্যু যেকোনো সময় আসতে পারে। কিন্তু অসুস্থ একজন মানুষকে নিয়ে এভাবে গুজব ছড়ানো বা সেটিকে কেন্দ্র করে ব্যবসা করার চেষ্টা খুবই দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত।
আরও পড়ুন: আমার দিকে কেউ ফিরেও তাকাল না : রজনীকান্ত
কায়সার হামিদ বলেছেন, আমাদের পুরো পরিবার কারিনার স্বাস্থ্য নিয়ে এমনিতেই অনেক উদ্বিগ্ন। এ মুহূর্তে সকলের মানসিক সাপোর্ট প্রয়োজন। দয়া করে এমন কাজ করবেন না।
বিজ্ঞাপন
মেয়ের বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে কায়সার হামিদ জানান, কারিনার ফুসফুসে সংক্রমণ রয়েছে, তবে ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হচ্ছে। ফুসফুসের চিকিৎসার পর লিভারের চিকিৎসা শুরু করা হবে। একই সঙ্গে লিভার প্রতিস্থাপনের প্রস্তুতিও চলছে। এ জন্য তার দুই ভাইয়ের বিভিন্ন মেডিকেল পরীক্ষা করা হয়েছে এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট পাওয়ার কথা রয়েছে।
লিভার সংক্রান্ত জটিলতায় গুরুতর অসুস্থ কারিনা কায়সার বর্তমানে ভারতের চেন্নাইয়ের ভেলোরে অবস্থিত খ্রিষ্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার রাত ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকা থেকে চেন্নাই নিয়ে যাওয়া হয়। সেখানে তার সঙ্গে মা ও দুই ভাই অবস্থান করছেন।
আরও পড়ুন: সবুজ গাউনে দীঘির নতুন লুক, মুগ্ধ ভক্তরা
বিজ্ঞাপন
পরিবার সূত্রে জানা গেছে, কারিনা শুরুতে সাধারণ জ্বরে আক্রান্ত হয়েছিলেন। পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষায় হেপাটাইটিস এ এবং ই জটিলতার পাশাপাশি লিভার ফেইলিউর ধরা পড়ে। দেশে চিকিৎসাধীন অবস্থায় অবস্থার অবনতি হলে তাকে আইসিইউ এবং পরবর্তীতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। উন্নত চিকিৎসার লক্ষ্যেই তাকে দ্রুত ভারতে স্থানান্তর করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট নির্মাণের মাধ্যমে তরুণদের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন কারিনা কায়সার। পাশাপাশি ছোট পর্দা ও ওটিটি প্ল্যাটফর্মেও তিনি নিজের অবস্থান তৈরি করেছেন। ‘ইন্টার্নশিপ’ এবং ‘৩৬-২৪-৩৬’-এর মতো জনপ্রিয় প্রযোজনায় অভিনয় ও চিত্রনাট্যকার হিসেবে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। তার অসুস্থতার খবর প্রকাশের পর থেকেই শোবিজ অঙ্গনের সহকর্মী ও ভক্তরা সামাজিক মাধ্যমে তার দ্রুত সুস্থতা কামনা করছেন।








