রবিবার দেশে ফিরছে কারিনার মরদেহ, মুন্সিগঞ্জে হবে দাফন

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মরদেহ আগামী রবিবার (১৭ মে) দেশে আনা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা, সাবেক ফুটবলার কায়সার হামিদ।
বিজ্ঞাপন
তিনি জানান, ভারতের চেন্নাই থেকে কারিনার মরদেহ আগামীকাল দুপুরে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। মরদেহ দেশে আনার পর বাদ আসর রাজধানীর বনানী ডিওএইচএস জামে মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।
পরিবার সূত্রে জানা গেছে, সোমবার (১৮ মে) জাতীয় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে মুন্সিগঞ্জের গজারিয়ায় তাকে দাফন করা হবে।
বিজ্ঞাপন
লিভারজনিত জটিলতায় আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কারিনা কায়সার। তার অকাল মৃত্যুতে দেশের বিনোদন অঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক কনটেন্ট নির্মাণের মাধ্যমে তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। প্রাণবন্ত উপস্থাপনা ও বাস্তবধর্মী কনটেন্টের কারণে অল্প সময়েই অনলাইনে পরিচিত মুখ হয়ে ওঠেন কারিনা।
বিজ্ঞাপন
পরবর্তীতে অভিনয় ও চিত্রনাট্য রচনাতেও নিজস্ব অবস্থান তৈরি করেন তিনি। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ইন্টার্নশিপ এবং ৩৬-২৪-৩৬।
কারিনার মৃত্যুসংবাদ প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন সহকর্মী, নির্মাতা ও ভক্তরা। অনেকেই তার সৃষ্টিশীল কাজ, প্রাণবন্ত ব্যক্তিত্ব এবং তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে ওঠার বিষয়গুলো স্মরণ করছেন।








