কন্যাসন্তানের নাম জানালেন অ্যাটলি ও প্রিয়া

ভারতের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা অ্যাটলি কুমার ও তার স্ত্রী কৃষ্ণা প্রিয়া তাদের নবজাতক কন্যাসন্তানের নাম প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টের মাধ্যমে এই সুখবর জানিয়েছেন তারকা দম্পতি।
বিজ্ঞাপন
রবিবার (১৭ মে) ইনস্টাগ্রামে মেয়ের ছোট্ট হাতের একটি ছবি শেয়ার করে যৌথ পোস্টে তারা জানান, তাদের কন্যার নাম রাখা হয়েছে ‘মিইউ’। পোস্টের ক্যাপশনে অ্যাটলি ও প্রিয়া লিখেছেন, “আমাদের ভালোবাসার নতুন নাম মিইউ। এই নামের অর্থ সৌন্দর্য, ভদ্রতা ও ভালোবাসা।”
এর আগে গত ২০ এপ্রিল দ্বিতীয় সন্তানের বাবা-মা হন অ্যাটলি ও প্রিয়া। কন্যাসন্তানের জন্মের খবর জানাতে তারা তাদের প্রথম সন্তান মীরের একটি ছবিও প্রকাশ করেছিলেন। সেই পোস্টে তারা লিখেছিলেন, “আমরা প্রিয়া ও অ্যাটলি, ২০ এপ্রিল ২০২৬-এ এক কন্যাসন্তানের বাবা-মা হয়েছি।”
বিজ্ঞাপন
চলতি বছরের জানুয়ারিতে প্রিয়ার দ্বিতীয়বার মা হতে যাওয়ার খবর ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন এই দম্পতি। এরপর থেকেই অনুরাগীদের শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসছিলেন তারা।
দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর ২০১৪ সালে পারিবারিক আয়োজনে বিয়ে করেন অ্যাটলি ও প্রিয়া। ২০২৩ সালের ৩১ জানুয়ারি তাদের ঘর আলো করে জন্ম নেয় প্রথম সন্তান মীর।
বিজ্ঞাপন
বর্তমানে নতুন সিনেমা ‘রাকা’র কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন অ্যাটলি। বড় বাজেটের এই ছবিতে অভিনয় করবেন দক্ষিণী সুপারস্টার অল্লু অর্জুন এবং বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।








