আলভীর স্ত্রী ইকরার মৃত্যুর ঘটনায় তদন্তের দায়িত্ব পেল ডিবি

ঢাকার মিরপুর ডিওএইচএসে গৃহবধূ ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া আত্মহত্যায় প্ররোচনার মামলার তদন্তভার মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। এ মামলায় ছোট পর্দার অভিনেতা জাহের আলভী ও তার মা নাসরিন সুলতানা শিউলির নাম রয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (১৭ মে) প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত ১৪ মে থেকে মামলার তদন্ত কার্যক্রম ডিবি পুলিশ পরিচালনা করছে। এর আগে বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশ তদন্ত করছিল।
আরও পড়ুন: মিমি আলাউদ্দিনের কণ্ঠে ‘এই মেঘলা দিনে’
বিজ্ঞাপন
এদিকে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য রবিবার দিন ধার্য থাকলেও নির্ধারিত সময়ে ডিবি পুলিশ আদালতে প্রতিবেদন জমা দিতে পারেনি। এ কারণে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন নতুন করে আগামী ২৪ জুন প্রতিবেদন জমার তারিখ নির্ধারণ করেছেন বলে জানান এসআই সাইফুল ইসলাম।
মামলার তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে ইকরাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্য ও বাসার মালিক তাকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
ঘটনার দিন রাতেই ইকরার বাবা কবির হায়াত খান বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি ও বিভিন্ন ধরনের মানসিক নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হন।
জানা গেছে, অভিনেতা জাহের আলভী ও ইকরা ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে।








