বিচ্ছেদের খবরের মাঝেই কানে ফুরফুরে মেজাজে মৌনী

বলিউড ও টেলিভিশন জগতের জনপ্রিয় তারকা মৌনী রায় ও সূরজ নাম্বিয়ার চার বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন। সম্প্রতি এক যৌথ বিবৃতির মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের বিষয়টি জানান। এই খবর প্রকাশের পরই বিনোদন অঙ্গনে শুরু হয় ব্যাপক আলোচনা ও নানা ধরনের গুঞ্জন। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে উঠে আসে পরকীয়ার অভিযোগও।
বিজ্ঞাপন
কেউ সূরজ নাম্বিয়ারের দিকে অভিযোগের আঙুল তুলছেন, আবার কেউ আবার বলিউড অভিনেত্রী দিশা পাটানিকে নিয়েও নানা আলোচনা করছেন। তবে এসব গুঞ্জন ও অভিযোগ নিয়ে চুপ থাকেননি সূরজ নাম্বিয়ার। তিনি স্পষ্টভাবে জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো এসব দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। তার ভাষায়, কোনো তৃতীয় ব্যক্তির কারণে নয়, বরং একান্ত ব্যক্তিগত কারণেই তাদের বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে বিচ্ছেদের সিলমোহর পড়ার পর সোমবার সকালেই প্রথমবার জনসমক্ষে আসেন এই অভিনেত্রী। মুম্বাই বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হলেও সংবাদ মাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি মৌনী। তড়িঘড়ি করে টার্মিনালের ভেতরে ঢুকে যান তিনি। কঠিন এই সময়ে মৌনী কি তবে দেশ ছাড়ছেন, নাকি মন ভালো করতে কোথাও ঘুরতে যাচ্ছেন এমন নানা প্রশ্নে যখন সামাজিক যোগাযোগ মাধ্যম সরগরম, তখনই মিলল আসল উত্তর। সব ধোঁয়াশা দূর করে মৌনী রায় হাজির হলেন বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর 'কান চলচ্চিত্র উৎসব'-এ।
বিজ্ঞাপন

আসন্ন সিনেমা ‘বম্বে স্টোরিজ’-এর বিশেষ প্রদর্শনী উপলক্ষে ফ্রেঞ্চ রিভেরায় অনুষ্ঠিত ‘মার্শে ডু ফিল্ম’ বিভাগে যোগ দিয়েছেন মৌনী। ২০২৬ সালের কানের মঞ্চ মাতাতে এই ‘বং বিউটি’ বেছে নিয়েছেন ক্লাসিক মনোক্রম লুক। সাদা হাল্টার-স্টাইল কলার ডিটেলিংয়ের সঙ্গে কালো গাউনের যুগলবন্দিতে কানের লাল গালিচায় গ্ল্যামারের দ্যুতি ছড়িয়েছেন তিনি। কানের সেই চোখধাঁধানো লুকের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে মৌনী ক্যাপশনে লিখেছেন, ‘কান ও ক্যাওয়াস’।
ব্যক্তিগত জীবনের এমন কঠিন সময়ের মধ্যেও মৌনীর এই পেশাদার আচরণে মুগ্ধ হয়েছেন অনেকেই। তার ঘনিষ্ঠ বন্ধু দিশা পাটানি তাকে সমর্থন জানিয়ে হৃদয়ের ভালোবাসার চিহ্ন প্রকাশ করেন এবং লেখেন, ‘এগিয়ে চলো।’
বিজ্ঞাপন
অন্যদিকে আরেক জনপ্রিয় অভিনেত্রী মন্দিরা বেদিও মৌনীকে সাহস ও আত্মবিশ্বাস ধরে রাখার পরামর্শ দিয়ে লেখেন, এই মুহূর্তে মৌনী দারুণ মানসিক অবস্থায় আছেন বলে তিনি মনে করেন।
সব মিলিয়ে ব্যক্তিগত সংকটের মধ্যেও আন্তর্জাতিক মঞ্চে মৌনী রায়ের এই উপস্থিতি এবং আত্মবিশ্বাসী ভঙ্গি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।








