নারীদেরকে ‘হিরো’ হওয়ার টিপস দিলেন কঙ্গনা

উপমহাদেশের বিভিন্ন দেশে প্রতিনিয়ত নারী নির্যাতন ও পারিবারিক সহিংসতার ঘটনা সামনে আসছে। ধর্ম, বর্ণ কিংবা সামাজিক অবস্থান নির্বিশেষে এই সমস্যা দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে বলে মনে করছেন অনেকেই। সম্প্রতি ভারতের ‘মিস পুনে’ খ্যাত তিশা শর্মার বিয়ের মাত্র ছয় মাসের মাথায় ঝুলন্ত মরদেহ উদ্ধার এবং পাঞ্জাবে এক গায়িকাকে অপহরণের পর হত্যা করার ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে নারীর নিরাপত্তার বিষয়টি।
বিজ্ঞাপন
এমন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তিনি বলেন, ‘শিক্ষিত নারীদের অনেকেই হয়তো কোনো চরম বিপর্যয় ঘটার আগে সেই দমবন্ধ করা পরিবেশ থেকে বাঁচতে নিজেদের বাবা-মায়ের কাছে আকুতি জানায়। কিন্তু আমাদের সমাজ তো বিয়ের পর মেয়েদের পরিত্যাগের মানসিকতার জন্যই বেশি পরিচিত।’
আরও পড়ুন: ব্যতিক্রমী পোশাকে ঝড় তুললেন শাকিরা
এমন বৈরী পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে নারীরা কীভাবে নিজেদের রক্ষা করবেন, তার একটি জরুরি পরামর্শও দিয়েছেন এই অভিনেত্রী। নিজের স্বভাবসুলভ দৃঢ়তায় নারীদের উদ্দেশে কঙ্গনা বলেন, ‘আমি যে পরামর্শ দিচ্ছি, তা কোনো সোশ্যাল মিডিয়া ট্রেন্ড কিংবা ডেটিং অ্যাপ আপনাদের দেবে না। আমার একটাই কথা- নিজেদের পেশা বা ক্যারিয়ারকে জীবনের সবচেয়ে বেশি গুরুত্ব দিন। আপনাদের জীবনে অন্য কোনো মানুষ গুরুত্বপূর্ণ হতেই পারে, তবে তা যেন কখনোই নিজের ক্যারিয়ারকে ছাপিয়ে না যায়।’
বিজ্ঞাপন
নারীদের বিয়ের আগে পুরোপুরি অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের তাগিদ দিয়ে কঙ্গনা আরও বলেন, ‘সম্পূর্ণ স্বাবলম্বী হওয়ার পরই বিয়ের কথা ভাবুন। মনে রাখবেন, আপনাদের জীবনের হিরো বা রক্ষাকর্তা হিসেবে নিজেদেরই এগিয়ে আসতে হবে। বাইরে থেকে কেউ আপনাদের উদ্ধার করতে আসবে না।’
শেষে কঙ্গনা রানাওয়াত বলেন, একজন নারী কাকে বিয়ে করছেন বা সমাজ তাকে কীভাবে দেখছে, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো নিজের পরিচয় ও স্বাবলম্বিতা তৈরি করা। নিজের ইচ্ছামতো জীবন গড়ে তোলার সাহস নারীদের নিজেদের মধ্যেই তৈরি করতে হবে এবং এ বিষয়ে অন্যের কথাকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই।








