Logo

আমিও অশালীন স্পর্শের শিকার হয়েছিলাম: প্রিয়ন্তি উর্বী

profile picture
বিনোদন ডেস্ক
২১ মে, ২০২৬, ১৪:২৬
আমিও অশালীন স্পর্শের শিকার হয়েছিলাম: প্রিয়ন্তি উর্বী
প্রিয়ন্তি উর্বী | ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের মর্মান্তিক হত্যাকাণ্ড ঘিরে দেশজুড়ে শোক, ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। শিশু নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন শোবিজ অঙ্গনের তারকারাও।

বিজ্ঞাপন

ঘটনাটি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ছোটপর্দার অভিনেত্রী প্রিয়ন্তি উর্বী। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি তুলে ধরেছেন শৈশবে ঘটে যাওয়া ব্যক্তিগত এক তিক্ত অভিজ্ঞতার কথা।

অভিনেত্রী লেখেন, কিছু স্মৃতি মানুষ কখনও ভুলতে পারে না, বরং নীরবে সেগুলো নিয়েই বাঁচতে শেখে। নিজেকে সবসময় ব্যস্ত রাখার চেষ্টা করেন যেন মনের ভেতরের অস্থিরতা কিছুটা কমে। কিন্তু কোনো শিশু নির্যাতন বা ধর্ষণের খবর দেখলেই তিনি ভেতর থেকে ভেঙে পড়েন। কারণ ছোটবেলায় তিনিও অশালীন স্পর্শের শিকার হয়েছিলেন।

বিজ্ঞাপন

প্রিয়ন্তি উর্বী জানান, তখন বয়স খুব কম থাকায় তিনি পুরো বিষয়টি বুঝতে পারতেন না। শুধু মনে হতো, যা ঘটছে তা স্বাভাবিক নয়। নিজের বাবা-মা কখনও এভাবে স্পর্শ করেননি বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।

শিশুদের মানসিক অবস্থার কথা তুলে ধরে অভিনেত্রী আরও লেখেন, চার বা পাঁচ বছরের একটি শিশুর মনে এমন ঘটনার প্রভাব কতটা গভীর হতে পারে, তা অনেকেই উপলব্ধি করতে পারেন না। ভয়, অস্বস্তি, প্রশ্ন আর না বলা কান্না বছরের পর বছর শিশুর ভেতরে জমে থাকে।

তিনি মনে করেন, ধর্ষক ও শিশু নির্যাতনকারীদের কঠোর শাস্তি নিশ্চিত করা জরুরি। কারণ তারা শুধু একটি মানুষকে ক্ষতিগ্রস্ত করে না, বরং একটি শিশুর নিরাপত্তাবোধ, বিশ্বাস ও শৈশবকে ধ্বংস করে দেয়। একই সঙ্গে তিনি বিশ্বাস করেন, মানুষের প্রতিটি কাজের ফল একদিন না একদিন এই পৃথিবীতেই ফিরে আসে এবং সৃষ্টিকর্তা সবকিছু দেখেন।

বিজ্ঞাপন

পোস্টের শেষাংশে বাবার স্মৃতিচারণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন এই অভিনেত্রী। তিনি লেখেন, ব্যস্ততা ও কাজের মাঝেও মাঝে মাঝে মনে হয় কোথাও হারিয়ে যেতে, এমন কোনো জায়গায় যেখানে কেউ তাকে চেনে না। হয়তো সেখানে কিছুটা শান্তি পাওয়া যেত।

প্রিয়ন্তি উর্বীর এই ব্যক্তিগত অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার সাহসী স্বীকারোক্তির প্রশংসা করেছেন এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার ও সমাজকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD