কিংবদন্তির গল্প কখনো শেষ হয় না: জিয়াউল হক পলাশ

২০২৬ ফুটবল বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগ প্রকাশ করছেন দেশ-বিদেশের অসংখ্য সমর্থক। তাদের মধ্যে রয়েছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশও। তবে দলের পরাজয় নিয়ে নয়, তিনি শ্রদ্ধা জানিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রকে।
বিজ্ঞাপন
ব্রাজিলের বিদায়ের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি প্রতীকী ছবি শেয়ার করেন পলাশ। ছবিতে দেখা যায়, ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরা অশ্রুসিক্ত নেইমার মাঠ ছাড়ছেন, আর তার পেছনে পড়ে আছে একটি রাজমুকুট। ছবির ওপর লেখা ছিল ‘থ্যাংক ইউ’।
ছবিটির ক্যাপশনে পলাশ লেখেন, ‘একটা যুগের সমাপ্তি, কিন্তু কিংবদন্তির গল্প কখনোই শেষ হয় না। বিদায়, নেইমার জুনিয়র!’
এ ছাড়া আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘সারাজীবন আনন্দ দেওয়া মানুষগুলোকে শেষ দৃশ্যে কেন যে এভাবে কাঁদতে হয়।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
পলাশের এই পোস্ট দুটি প্রকাশের পরপরই ফুটবলপ্রেমীরা মন্তব্যে নিজেদের অনুভূতি প্রকাশ করেন। অনেকেই নেইমারের আন্তর্জাতিক ফুটবলে অবদানের প্রশংসা করে তার ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানান। আবার কেউ ব্রাজিলের বিদায় এবং নেইমারের সম্ভাব্য শেষ বিশ্বকাপ নিয়ে হতাশার কথাও তুলে ধরেন।
চলতি বিশ্বকাপের শেষ ষোলোয় নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচ শেষে নেইমারও জাতীয় দলের হয়ে নিজের পথচলা শেষের দিকে বলে ইঙ্গিত দেন। সেই আবেগঘন মুহূর্তে নেইমারকে সম্মান জানিয়ে পলাশের পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।








