থাইল্যান্ডে ভয়াবহ দুর্ঘটনায় আহত খায়রুল বাসার

থাইল্যান্ডের মনোরম পাহাড়ি এলাকায় নাটকের দৃশ্যধারণ করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। পাহাড়ি উঁচু সড়ক দিয়ে নিচে নামার সময় তাদের বহনকারী স্কুটির নিয়ন্ত্রণ হারিয়ে সেটি উল্টে যায়। এতে গুরুতর আহত হয়েছেন অভিনেতা খায়রুল বাসার ও চিত্রগ্রাহক মেহেদী রনি।
বিজ্ঞাপন
দুর্ঘটনার পর চিকিৎসার জন্য তাদের থাইল্যান্ডের পাতায়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির কোলান দ্বীপের একটি পাহাড়ে নাটকটির দৃশ্যধারণ চলছিল। শুটিং শেষে স্কুটিতে করে পাহাড় থেকে নিচের দিকে নামছিলেন খায়রুল বাসার ও চিত্রগ্রাহক মেহেদী রনি। স্কুটিটি চালাচ্ছিলেন মেহেদী রনি।
পাহাড়ি সড়ক দিয়ে কিছুটা পথ এগোনোর পর হঠাৎ স্কুটিটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। একপর্যায়ে সেটি উল্টে দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাটি এত দ্রুত ঘটে যে মুহূর্তের মধ্যেই দুজন গুরুতর আহত হন এবং শরীরের বিভিন্ন স্থান থেকে রক্তপাত শুরু হয়। পরে পেছনে থাকা শুটিং দলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
খায়রুল বাসার জানান, পাহাড় থেকে নামার সময় একদমই নিয়ন্ত্রণ ছিল না স্কুটির। মুহূর্তে পড়ে গিয়ে বুকে প্রচণ্ড চোট পান তিনি, আঘাত লেগেছে হাঁটুতেও। সোজা হয়ে দাঁড়ানো কিংবা হাঁটাচলা করা বর্তমানে তার জন্য কষ্টকর হয়ে পড়েছে। অন্যদিকে চিত্রগ্রাহক মেহেদী রনির শরীরের বিভিন্ন স্থান ছিলে গিয়ে মারাত্মক ক্ষতের সৃষ্টি হয়েছে।
আঘাতের তীব্রতা বেশি থাকায় এবং দুজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় থাইল্যান্ডের চলমান এই শুটিং প্রজেক্টটি সাময়িকভাবে বাতিল ঘোষণা করা হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এক্স-রে রিপোর্ট দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। পুরোপুরি সুস্থ হতে অন্তত ২ থেকে ৩ দিন বিশ্রাম প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসক।








