জয়ার বাগানের টাটকা ফসলে মুগ্ধ ভক্তরা, উচ্ছ্বসিত অভিনেত্রীও

অভিনয় দিয়ে দুই দেশ—বাংলাদেশ ও ভারতের দর্শকদের মন জয় করেছেন জয়া আহসান। তবে পর্দার বাইরে তার জীবনযাপনের ধরন কিছুটা ভিন্ন। অন্য অনেক তারকার মতো শুধু চাকচিক্যময় জীবনেই নিজেকে সীমাবদ্ধ রাখেন না তিনি। বরং সাধারণ জীবনযাপন ও প্রকৃতির সান্নিধ্যেই স্বাচ্ছন্দ্য খুঁজে পান এই অভিনেত্রী।
বিজ্ঞাপন
গত কয়েক বছরের প্রচেষ্টায় অভিনয়শিল্পীর পরিচয়ের পাশাপাশি নিজের নামের সঙ্গে কৃষকের পরিচয়ও যুক্ত করেছেন জয়া। বাড়ির বাগানে নিয়মিত চাষ করছেন নানা ধরনের সবজি, ফল ও ফুল। এর আগে জয়া জানিয়েছিলেন, তার বাড়ির রান্নার জন্য প্রয়োজনীয় অনেক কিছুই বাইরে থেকে কিনতে হয় না। নিজেদের আবাদ করা ফসল দিয়েই ঘরের চাহিদা মেটানোর চেষ্টা করেন তারা।
অভিনয়-ব্যস্ততা থেকে অবসর পেলেই জয়া ছুটে যান তার কৃষি আঙিনায়। গাছের পরিচর্যায় সময় কাটান। আর পরিপক্ব ফসল ঘরে তোলেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তেমনই কিছু ফসল তুললেন আজ। দুপুরে একটি পোস্টে দেখালেন কিছু স্থিরচিত্র। তাতে দেখা গেল, বড় দুটি ওল কচু, ডজন খানেক পাকা পেঁপে, জালি কুমড়া, ধুন্দুল, লেবু, কলার মোচা আর পদ্মফুল। টাটকা সবজি-ফুলগুলো যেন চকচক করছে।

ছবির সঙ্গে ক্যাপশনে জয়া লিখেছেন, ‘বাড়ির চারপাশের জঙ্গল থেকে উঠে আসা কত রকমের সবজি। এই ওল কচুটাও নিজের হাতে লাগিয়েছিলাম; ভাবছি কলার মোচা দিয়ে একটা ক্রিসপি সালাদ বানাব, একটু ফিউশনের মতো হবে।’
জয়ার বাগানের এসব সবজি-ফুল দেখে অবাক ও মুগ্ধ তার ভক্তরাও। একজন তারকা কতটা যত্ন নিয়ে আবাদ করছেন, তার ফসল যেন সেটারই সাক্ষ্য দেয়। অধিকাংশ মন্তব্যেই জয়ার এই কৃষিকাজকে উৎসাহিত করছেন নেটিজেনরা।
বিজ্ঞাপন
এদিকে অভিনয়ে জয়া আহসানকে সর্বশেষ দেখা গেছে কৌশিক গাঙ্গুলির ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমায়। কিছুদিন আগে ভারতে মুক্তি পেয়েছে সিনেমাটি। মুক্তির পর দর্শক ও সমালোচকদের কাছ থেকে সিনেমাটি প্রশংসাও পেয়েছে।








