জয়া আহসানের ভিডিও ভাইরাল, নেটপাড়ায় তোলপাড়

রূপালি পর্দায় অভিনয় দক্ষতার জন্য বরাবরই প্রশংসিত জয়া আহসান। তবে এবার অভিনয় নয়, নিজের বাগানে কৃষিকাজের ভিডিও প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন জনপ্রিয় এই অভিনেত্রী। হাতে কোদাল নিয়ে মাটি প্রস্তুত করা থেকে শুরু করে গাছের পরিচর্যা—সবকিছুই নিজ হাতে করতে দেখা গেছে তাঁকে। ভিডিওটি প্রকাশের পরপরই লাখো দর্শকের প্রশংসায় ভাসছেন তিনি।
বিজ্ঞাপন
কয়েক ঘণ্টা আগে জয়া আহসানের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ২ মিনিট ২৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়ের ৩০০ ফুট সড়কের পাশে অবস্থিত তাঁর বাংলোবাড়ির বাগানে কাজ করছেন তিনি। কোনো সাজসজ্জা বা জাঁকজমক নয়, একেবারে সাধারণ পোশাক এবং মেকআপহীন স্বাভাবিক রূপেই ক্যামেরার সামনে হাজির হন এই অভিনেত্রী।
ভিডিওতে একজন সহকারীকে সঙ্গে নিয়ে গোবর সার মিশিয়ে মাটি প্রস্তুত করতে দীর্ঘ সময় কোদাল চালাতে দেখা যায় জয়া আহসানকে। কাজের ফাঁকে তিনি নিজের বাগানের বিভিন্ন গাছও ঘুরে দেখান। জানান, সেখানে জবা, ঘুমন্ত জবাসহ নানা প্রজাতির ফুল ও গাছ রয়েছে, যেগুলোর নিয়মিত পরিচর্যাও তিনি নিজেই করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ভিডিওটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই ব্যাপক সাড়া ফেলে। অল্প সময়েই ভিডিওটির ভিউ প্রায় ৩০ লাখে পৌঁছে যায়। পাশাপাশি প্রায় এক লাখ রিঅ্যাকশন, তিন হাজারের বেশি মন্তব্য এবং প্রায় এক হাজার শেয়ার হয়েছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে এর জনপ্রিয়তারই প্রমাণ।
বিজ্ঞাপন
জয়ার এই সরল জীবনযাপন এবং প্রকৃতির প্রতি ভালোবাসা অনুসারীদের মুগ্ধ করেছে। মন্তব্যের ঘরে অনেকেই তাঁর এই উদ্যোগকে অনুপ্রেরণাদায়ক বলে উল্লেখ করেছেন।
একজন অনুসারী মন্তব্য করেন, “এবার সবাই আপনার অনুপ্রেরণায় মাঠে নেমে পড়বে।” আরেকজন লেখেন, “সব শিল্পী মাটিকে এভাবে ভালোবাসেন না। আপনাকে দেখে সত্যিই অভিভূত হয়েছি। প্রকৃতির কাছাকাছি থাকলে মনও নির্মল থাকে।”
আরেকজনের ভাষ্য, “আপনি সত্যিই মাটির মানুষ। আধুনিক জীবনের ব্যস্ততার মধ্যেও শিকড়কে ভুলে যাননি।” আবার কেউ কেউ কৃষিকাজকে শরীরচর্চার অন্যতম কার্যকর উপায় বলেও মন্তব্য করেছেন।
বিজ্ঞাপন

সাজিদুর রহমান নামে এক অনুসারী লিখেছেন, “একদিকে শরীরচর্চা, অন্যদিকে নিজের উৎপাদিত টাটকা সবজি খাওয়ার সুযোগ—এর চেয়ে ভালো আর কী হতে পারে। বিশ্বের অনেক উন্নত দেশেও শখের কৃষিকাজ জনপ্রিয়।”
জয়া আহসান অবশ্য আগে থেকেই প্রকৃতিপ্রেম এবং স্বাভাবিক জীবনযাপনের প্রতি নিজের আগ্রহের কথা বিভিন্ন সময় জানিয়েছেন। ফিটনেস নিয়েও তাঁর দৃষ্টিভঙ্গি অনেকটাই ব্যতিক্রমী।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, নিয়মিত জিমে যাওয়ার অভ্যাস তাঁর নেই। নতুন কোনো সিনেমার প্রয়োজনে বিশেষ প্রস্তুতির দরকার হলে কিছুদিন শরীরচর্চা করেন। তবে দৈনন্দিন জীবনের স্বাভাবিক কাজ, হাঁটাচলা এবং বাগানের কাজকেই তিনি শরীরচর্চার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মনে করেন।
বিজ্ঞাপন
প্রকৃতির সঙ্গে এই নিবিড় সম্পর্ক এবং নিজের হাতে গাছের পরিচর্যার দৃশ্য অনেক ভক্তের কাছেই জয়া আহসানের ব্যক্তিত্বের নতুন এক দিক তুলে ধরেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মনে করছেন, ব্যস্ত তারকাজীবনের মাঝেও প্রকৃতির কাছে ফিরে যাওয়ার এই বার্তা অন্যদেরও অনুপ্রাণিত করবে।








