Logo

দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন

profile picture
বিনোদন প্রতিবেদক
৩ আগস্ট, ২০২৬, ১৮:৩০
দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৫ মাসেরও বেশি সময় যুক্তরাজ্যে চিকিৎসা নেওয়ার পর দেশে ফিরছেন জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। সোমবার (৩ আগস্ট) বিকেলে তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। চিকিৎসার তৃতীয় ধাপ শেষ হওয়ার পর কয়েক মাস দেশের মাটিতে পরিবারের সঙ্গে সময় কাটানোর ইচ্ছা থেকেই তাঁর এই ফেরা।

বিজ্ঞাপন

নিসচার ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার গভীর রাতে (বাংলাদেশ সময়) লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে স্ত্রী ও জামাতাকে সঙ্গে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন ইলিয়াস কাঞ্চন।

গত বছরের এপ্রিল থেকে ব্রেন টিউমারের চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন এই বরেণ্য অভিনেতা। চিকিৎসাকালীন সময় তিনি কখনো হাসপাতালে, আবার কখনো মেয়ে ইমা ইসলামের বাসায় থেকে চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

চিকিৎসার অংশ হিসেবে গত বছরের আগস্টে লন্ডনের একটি হাসপাতালে তাঁর মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার করা হয়। অপারেশনের সময় চিকিৎসকেরা টিউমারের বড় একটি অংশ অপসারণ করতে সক্ষম হলেও ঝুঁকির কারণে পুরো টিউমার সরানো সম্ভব হয়নি। পরবর্তী পরীক্ষায় তাঁর ব্রেন ক্যানসার ধরা পড়ে।

বিজ্ঞাপন

এরপর শুরু হয় দীর্ঘমেয়াদি চিকিৎসা। প্রথম ধাপে টানা তিন মাস কেমোথেরাপি দেওয়া হয়। পরে দুই ধাপে ওরাল থেরাপিও সম্পন্ন করেন তিনি। পারিবারিক সূত্র জানায়, সপ্তাহে পাঁচ দিন করে ১২ সপ্তাহের চিকিৎসা প্রক্রিয়ায় তাঁকে ৬০টিরও বেশি কেমোথেরাপি নিতে হয়েছে। এরপর আরও দুই ধাপে ওরাল থেরাপি সম্পন্ন করেন। সব মিলিয়ে তিন ধাপে প্রায় একশ’টি কেমোথেরাপি ও সংশ্লিষ্ট চিকিৎসা গ্রহণ করেছেন তিনি।

তবে এত দীর্ঘ চিকিৎসার পরও তাঁর শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি বলে জানিয়েছেন লিটন এরশাদ। তিনি বলেন, দীর্ঘ সময় বিদেশে অবস্থান করতে করতে ইলিয়াস কাঞ্চন দেশে ফেরার জন্য মানসিকভাবে অস্থির হয়ে উঠেছিলেন। তৃতীয় ধাপের থেরাপি শেষ হওয়ায় কিছুদিন দেশের পরিবেশে থাকতে চেয়েছেন তিনি।

তিনি আরও জানান, গত ৩০ জুলাই চিকিৎসার তৃতীয় ধাপ শেষ হয়েছে। এরপর আবার নতুন চিকিৎসা শুরু হওয়ার কথা রয়েছে। সেই চিকিৎসা শুরুর আগে কয়েক মাস দেশের মানুষের কাছে এবং পরিবারের সঙ্গে সময় কাটাতে চান ইলিয়াস কাঞ্চন।

বিজ্ঞাপন

চিকিৎসকদের বরাত দিয়ে লিটন এরশাদ বলেন, অস্ত্রোপচারের পর মস্তিষ্কে যে স্থানে ক্যানসারের অস্তিত্ব ছিল, এখনো সেটি একই স্থানে রয়েছে। তবে ইতিবাচক দিক হলো, এটি শরীরের অন্য কোনো অংশে ছড়িয়ে পড়েনি। চিকিৎসকরা এটিকে আশাব্যঞ্জক হিসেবে বিবেচনা করছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বর্তমানে ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার বিষয়ে তিনি জানান, অভিনেতা ধীরে ধীরে কথা বলতে পারলেও বাক্য সম্পূর্ণ করতে অনেক সময় কষ্ট হয়। কয়েক মিনিট কথা বলার পরও অনেক সময় তিনি পুরো বাক্য শেষ করতে পারেন না। কথাবার্তায় জড়তা এখনো রয়ে গেছে।

খাবার গ্রহণে বড় ধরনের সমস্যা না থাকলেও আগের মতো নিয়মিত সময় মেনে খাওয়ার অভ্যাস আর নেই বলেও জানান তিনি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁর শারীরিক অবস্থার ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী চিকিৎসার পরিকল্পনাও প্রস্তুত রয়েছে।

বিজ্ঞাপন

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেতার দেশে ফেরার খবরে তাঁর ভক্ত-অনুরাগীদের মধ্যে স্বস্তি ও আবেগের সৃষ্টি হয়েছে। অনেকেই তাঁর দ্রুত সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভকামনা জানাচ্ছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD