অভিনয় ছেড়ে হেদায়েতের পথে অভিনেত্রী পপি

দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভীন পপি। রুপালি পর্দার ব্যস্ততা থেকে নিজেকে অনেকটাই গুটিয়ে নেওয়া এই অভিনেত্রী এবার জীবনের বাকি সময় শান্তি ও ধর্মীয় অনুশাসনের মধ্য দিয়ে কাটানোর ইচ্ছার কথা জানিয়েছেন।
বিজ্ঞাপন
সম্প্রতি এক বক্তব্যে পপি বলেন, “সুন্দরভাবে বাঁচতে চাই। আল্লাহ-খোদার নাম নিতে চাই।” তার এই বক্তব্যে চলচ্চিত্রের জগত থেকে নিজেকে আরও দূরে সরিয়ে নেওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
দীর্ঘ ২৮ বছরের অভিনয়জীবনের নানা অভিজ্ঞতার কথা স্মরণ করে পপি জানিয়েছেন, জীবনের এই পর্যায়ে এসে তিনি ভিন্ন একটি অধ্যায়কে গুরুত্ব দিতে চান। নিজের অতীত জীবন নিয়েও তার কথায় আত্মসমালোচনার সুর পাওয়া গেছে।
পপি বলেন, “যতটা পাপ কামিয়েছি, তার সবটা ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই।” তার বক্তব্যে নিজের জীবন নিয়ে আত্মবিশ্লেষণ এবং পরিবর্তনের আকাঙ্ক্ষা স্পষ্ট হয়েছে।
বিজ্ঞাপন
তবে অভিনয়ে ফেরার বিষয়ে ২০২৫ সালে কিছুটা ভিন্ন কথা বলেছিলেন এই অভিনেত্রী। দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরলেও যেকোনো কাজ নয়, ভালো কোনো কাজের মাধ্যমেই প্রত্যাবর্তন করতে চান বলে জানিয়েছিলেন তিনি। যদিও ২০২৬ সালেও চলচ্চিত্রে তার ফেরার বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
১৯৯৭ সালে ‘কুলি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পপির। দীর্ঘ ক্যারিয়ারে বাণিজ্যিক সিনেমার পাশাপাশি বিভিন্ন প্রশংসিত চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। অভিনয়ের স্বীকৃতি হিসেবে একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন এই অভিনেত্রী।
বিজ্ঞাপন
করোনাভাইরাস মহামারির সময় দীর্ঘদিন শুটিং থেকে দূরে ছিলেন পপি। একপর্যায়ে নিজেও করোনায় আক্রান্ত হন। সুস্থ হওয়ার পর ২০২১ সালের শুরু থেকে চলচ্চিত্রসংশ্লিষ্টদের সঙ্গে তার যোগাযোগ অনেকটাই কমে যায়। এরপর থেকেই তার ব্যক্তিজীবন ঘিরে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে।
একপর্যায়ে পপির বিয়ে ও সংসারজীবন নিয়ে আলোচনা শুরু হয়। পরে জানা যায়, তিনি এক পুত্রসন্তানের মা হয়েছেন। তার ছেলের নাম আয়াত এবং বর্তমানে তার বয়স প্রায় চার বছর।
দীর্ঘদিন চলচ্চিত্র থেকে দূরে থাকা পপির সাম্প্রতিক বক্তব্যে ভক্ত ও চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এখন প্রশ্ন, তিনি ভবিষ্যতে আবার অভিনয়ে ফিরবেন, নাকি ধর্মচর্চাকেই জীবনের নতুন অধ্যায় হিসেবে বেছে নিয়ে পর্দার আড়ালেই থাকবেন।








