ভারতের কোক স্টুডিওতে সেই জাদু নেই : আতিফ আসলাম

সংগীতপ্রেমীদের কাছে ‘কোক স্টুডিও’ নামটি এক বিশেষ আবেগের সঙ্গে জড়িয়ে আছে। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে এই সংগীত আয়োজনের আলাদা সংস্করণ থাকায় তিন দেশের ভক্তদের মধ্যেও প্রায়ই বিতর্ক দেখা যায়—কোন দেশের আয়োজন সবচেয়ে ভালো। এবার সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। এক সাক্ষাৎকারে নিজের মতামত স্পষ্ট করে তিনি বলেছেন, পাকিস্তানের কোক স্টুডিওর যে প্রাণ, আবেদন ও সুরের আকর্ষণ রয়েছে, ভারতীয় সংস্করণটি এখনো সেই জায়গায় পৌঁছাতে পারেনি।
বিজ্ঞাপন
আতিফের মতে, ভারতের কোক স্টুডিওতে পাকিস্তানি সংস্করণের মতো বিশেষ ‘জাদু’ নেই। সম্প্রতি মির্চি ইউএইকে দেওয়া এক সাক্ষাৎকারে দুই দেশের এই জনপ্রিয় সংগীত আয়োজনের সুর, পরিবেশনা ও পরিকল্পনার পার্থক্য তুলে ধরেন তিনি। সাক্ষাৎকারের একপর্যায়ে উপস্থাপক জানতে চান, পাকিস্তানি কোক স্টুডিও ঠিক কোন দিক থেকে এগিয়ে? কোনো ধরনের দ্বিধা না করে মুচকি হেসে আতিফের এক শব্দের উত্তর ছিল, ‘জাদু’।
তিনি জানান, সুরের দিক থেকে দুই দেশই দুর্দান্ত কাজ করছে, কিন্তু ভারতীয় সংস্করণে এক ধরনের যান্ত্রিকতা বা অতিরিক্ত বাণিজ্যিক ভাবনা ঢুকে পড়েছে। আতিফের কথায়, ‘ভারতের কোক স্টুডিও অতিরিক্ত বাণিজ্যিক নির্ভর হয়ে পড়েছে, সেই জাদু নেই। অন্যদিকে পাকিস্তান সব সময় সুরের মৌলিকতা ও মাটির খাঁটি গন্ধ ধরে রাখতে বিশ্বাস করে। এখানে শিল্পীরা জীবন-মরণ বাজি রেখে কাজ করেন, আর সেই সাথে থাকে নিজের মনের মাধুরী মেশানোর পূর্ণ স্বাধীনতা।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
কোক স্টুডিও পাকিস্তানের সাফল্যের অন্যতম কাণ্ডারি আতিফ আসলাম নিজে। সিজন ৮-এ তার গাওয়া সুফি গান ‘ তাজদারে হারাম’ কিংবা সিজন ১২-এর ‘ওহি খোদা হ্যায়’ শ্রোতাদের হৃদয়ে অমর হয়ে আছে। এমনকি সিজন ১৪-এর ‘সাজন দাস না’ কিংবা ‘গো’-এর মতো আধুনিক পপ-ফিউশন গানেও তিনি নিজের রাজত্ব কায়েম রেখেছেন।
উল্লেখ্য, ২০০৫ সালে ‘জহের’ সিনেমার ‘ভো লামহে’ গান দিয়ে বলিউডে নিজের যাত্রা শুরু করেন আতিফ আসলাম। এরপর একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়ে ভারতীয় উপমহাদেশের সংগীতপ্রেমীদের কাছে নিজের শক্ত অবস্থান তৈরি করেন তিনি। ‘তেরে বিন’, ‘পেহলি নজর মে’, ‘তু জানে না’, ‘জিনা জিনা’ এবং ‘দিল দিয়া গাল্লা’র মতো গান তার ক্যারিয়ারে বিশেষ জনপ্রিয়তা এনে দেয়।
দীর্ঘ ১৯ বছর পর নিজের নতুন অ্যালবাম ‘সুবাহ আয়ে না’ নিয়ে আবারও শ্রোতাদের সামনে হাজির হয়েছেন ‘আদত’খ্যাত এই গায়ক। নতুন অ্যালবাম নিয়ে কথা বলতে গিয়ে আতিফ জানিয়েছেন, কোনো নির্দিষ্ট প্রথাগত নিয়ম বা বাঁধাধরা কাঠামোর মধ্যে নিজেকে আটকে না রেখে নিজের ইচ্ছা ও সৃজনশীলতা অনুযায়ী গান তৈরি করার তাগিদ থেকেই নতুন এই যাত্রা শুরু করেছেন তিনি।








