বেটিংয়ের ভয়াবহ ফাঁদ নিয়ে চমকের ভিডিও, প্রশংসায় নেটিজেনরা

অনলাইন জুয়ার ভয়াবহ পরিণতি ও এর নেতিবাচক প্রভাব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে সোচ্চার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে তরুণদের অনলাইন বেটিংয়ের ফাঁদ থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। ভিডিওটিতে অনলাইন জুয়ার বিভিন্ন পরিসংখ্যান ও এর বাস্তব চিত্র তুলে ধরায় নেটিজেনদের প্রশংসা পাচ্ছেন এই অভিনেত্রী।
বিজ্ঞাপন
ভিডিওতে শিহাব নামের এক যুবকের করুণ অভিজ্ঞতার কথা তুলে ধরেন চমক। তিনি জানান, মাত্র ১ হাজার টাকা সহজে আয়ের আশায় বেটিংয়ে জড়িয়ে পড়েছিলেন ওই যুবক। শুরুতে সামান্য অর্থ দিয়ে শুরু করলেও পরে জমা টাকা তোলা এবং হারানো অর্থ ফেরত পাওয়ার আশায় স্বজনদের কাছ থেকে ঋণ নেন তিনি। একপর্যায়ে বেটিংয়ে প্রায় ১০ লাখ টাকা হারিয়ে সর্বস্বান্ত হয়ে পড়েন শিহাব।
জেনারেল ইকোনমিক্স ডিভিশনের (জিইডি) ২০২৬ সালের এক রিপোর্টের তথ্য উল্লেখ করে অভিনেত্রী জানান, বাংলাদেশে বর্তমানে ৫০ লাখেরও বেশি মানুষ অনলাইন জুয়ার সাথে সম্পৃক্ত। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ২০২৭ সালের মধ্যে এই সংখ্যা ২ কোটি ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে দেশে অনলাইন জুয়ার আনুমানিক বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ৮৩০ কোটি টাকায়। এছাড়া, ২০২৬ সালের ডিবি তদন্তে একটি জুয়াড়ি নেটওয়ার্কের মাধ্যমে দৈনিক প্রায় ৫ কোটি টাকার অবৈধ লেনদেন শনাক্ত হয়েছে বলেও ভিডিওতে উল্লেখ করেন চমক।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দৃষ্টিভঙ্গি তুলে ধরে চমক জানান, জুয়া যে কেবল অর্থনৈতিক ক্ষতির কারণ নয়, এটি জনস্বাস্থ্য ও পারিবারিক জীবনের ওপরও মারাত্মক প্রভাব ফেলে—বিশ্ব স্বাস্থ্য সংস্থার দৃষ্টিভঙ্গি তুলে ধরে এমনটাই জানান অভিনেত্রী। তার উপস্থাপিত পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বজুড়ে প্রায় ৫ দশমিক ৫ শতাংশ নারী ও ১১ দশমিক ৯ শতাংশ পুরুষ জুয়ার কারণে শারীরিক ও মানসিক ক্ষতির শিকার হচ্ছেন। এর পাশাপাশি জুয়ার সঙ্গে সংশ্লিষ্টতার কারণে আত্মহত্যার ঝুঁকিও বেড়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে।
চমক তার সেই ভিডিওতে সামান্য প্রচারণার টাকার বিনিময়ে বেটিং অ্যাপের লিংক শেয়ার না করার জন্য দেশের অন্যান্য তারকা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের প্রতি আহ্বান জানান চমক। তিনি মনে করিয়ে দেন, ‘সাইবার সিকিউরিটি অর্ডিন্যান্স ২০২৫’-এর ২০ নম্বর ধারা অনুযায়ী অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম পরিচালনা বা প্রচারণা করা একটি গুরুতর অপরাধ, যার জন্য সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড ও ১ কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।
সবশেষে, জুয়ার মাধ্যমে তরুণ সমাজকে টাকা আয়ের সহজ পথ ছেড়ে নিজের কাজ ও দক্ষতার ওপর ভরসা রাখার আহ্বান জানান চমক।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি প্রকাশের পর চমকের এমন উদ্যোগ প্রশংসিত হচ্ছে। নেটিজেনদের অনেকে এটিকে সময়োপযোগী ও প্রয়োজনীয় সচেতনতামূলক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। তাদের মতে, যখন অনেক তারকা ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালী ব্যক্তি অর্থের বিনিময়ে বেটিং অ্যাপের প্রচারণায় যুক্ত হচ্ছেন, তখন চমকের এমন সামাজিক দায়বদ্ধতার উদ্যোগ অন্যদের জন্যও অনুকরণীয়।








