Logo

রাজপথ থেকে নজর সংসদে, বিএনপির মনোনয়ন দৌড়ে চমক

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ এপ্রিল, ২০২৬, ১৫:২৪
রাজপথ থেকে নজর সংসদে, বিএনপির মনোনয়ন দৌড়ে চমক
ছবি: সংগৃহীত

সাম্প্রতিক সময়ের আলোচিত মুখ রুকাইয়া জাহান চমক এবার আনুষ্ঠানিকভাবে রাজনীতির ময়দানে পা রেখেছেন। গত বছরের জুলাইয়ের গণআন্দোলনে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে পরিচিতি পাওয়া এই তরুণী ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে কুষ্টিয়া থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে আবেদন করেছেন।

বিজ্ঞাপন

দলীয় সূত্রে জানা গেছে, তিনি ইতোমধ্যে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এবং সম্প্রতি আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দিয়েছেন। শুক্রবার বিকেলে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ কার্যক্রমে অংশ নিতে দলের মনোনয়ন বোর্ডের সামনে হাজির হন তিনি।

রাজনীতিতে যুক্ত হওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে চমক বলেন, দেশের উন্নয়ন এবং বিশেষ করে নারীদের জন্য কাজ করার লক্ষ্য থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তার মতে, একটি কার্যকর রাজনৈতিক প্ল্যাটফর্ম ছাড়া এসব পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব নয়, আর সে বিবেচনায় বিএনপিকে তিনি উপযুক্ত মনে করেছেন।

বিজ্ঞাপন

সাক্ষাৎকার শেষে তিনি নিজের আশাবাদের কথা তুলে ধরে জানান, দলের শীর্ষ পর্যায়ের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে এবং মনোনয়ন পাওয়ার বিষয়ে তিনি আশাবাদী। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দলের ওপর নির্ভর করবে বলেও উল্লেখ করেন তিনি।

দলটির ভেতরে তার মনোনয়ন নিয়ে আলোচনা চলছে বলে জানা গেলেও এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। চমক নিজেও জানিয়েছেন, দল যেকোনো সিদ্ধান্ত নিলে তিনি তা মেনে নেবেন।

বিজ্ঞাপন

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নতুন যাত্রা নিয়ে একটি বার্তা দিয়েছেন তিনি। সেখানে নতুন পথচলার কথা জানিয়ে সবার দোয়া কামনা করেন এই আলোচিত মুখ।

গত জুলাইয়ের আন্দোলনে ছাত্র-জনতার পক্ষে সরব ভূমিকার কারণে তিনি ব্যাপকভাবে পরিচিতি পান। সেই অভিজ্ঞতাকে পুঁজি করেই এবার জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জায়গা করে নেওয়ার চেষ্টা করছেন রুকাইয়া জাহান চমক। তার এই রাজনৈতিক যাত্রার পরবর্তী ধাপ এখন অনেকটাই নির্ভর করছে বিএনপির চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD