মারা গেছেন জনপ্রিয় অভিনেতা জেমস

অস্কারজয়ী চলচ্চিত্র ‘দ্য স্টিং’-এর অভিনেতা জেমস স্লোয়ান মারা গেছেন। গত ২২ জুলাই নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। পরিবারের বরাত দিয়ে সোমবার (২১ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ‘দ্য হলিউড রিপোর্টার’।
বিজ্ঞাপন
১৯৪১ সালের ২৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপোলিসে জন্মগ্রহণ করেন জেমস স্লোয়ান। চার ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তার বাবা জেমস স্লোয়ান সিনিয়র ছিলেন একজন নির্মাণ প্রকৌশলী।
অভিনয়ে আসার আগে তিন বছর যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেন স্লোয়ান। পরে নিউইয়র্কের আমেরিকান একাডেমি অব ড্রামেটিক আর্টস থেকে অভিনয়ের শিক্ষা নেন। এরপর জোসেফ পাপের নিউইয়র্ক শেকসপিয়র ফেস্টিভ্যালে তলোয়ার খেলার কোরিওগ্রাফার হিসেবে কাজ করেন।
১৯৬৯ সালে আর্থার কোপিটের ‘ইন্ডিয়ানস’ নাটকের মাধ্যমে ব্রডওয়েতে অভিষেক হয় তার। পরের বছর ‘দ্য ট্রাভেলিং এক্সিকিউটর’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
দীর্ঘ অভিনয়জীবনে জেমস স্লোয়ান বেশ কিছু উল্লেখযোগ্য চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনায় কাজ করেছেন। ১৯৭৩ সালে জর্জ রয় হিল পরিচালিত অস্কারজয়ী ‘দ্য স্টিং’ সিনেমায় ‘মটোলা’ চরিত্রে অভিনয় করে প্রশংসা পান তিনি। ১৯৮০ সালের মিউজিক্যাল ফ্যান্টাসি ‘জানাদু’তেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায় তাকে।
১৯৮৩-৮৪ সালের দিকে এবিসির একটি সিটকমে জনপ্রিয় অভিনেত্রী ম্যাডেলিন খানের স্বামীর চরিত্রেও অভিনয় করেন স্লোয়ান।
‘স্টার ট্রেক’ ফ্র্যাঞ্চাইজির দর্শকদের কাছেও পরিচিত মুখ ছিলেন তিনি। নব্বইয়ের দশকে ‘স্টার ট্রেক: দ্য নেক্সট জেনারেশন’, ‘ডিপ স্পেস নাইন’ ও ‘ভয়েজার’ সিরিজে চারটি ভিন্ন চরিত্রে অভিনয় করেন।
বিজ্ঞাপন
পর্দার বাইরেও কণ্ঠশিল্পী হিসেবে সাফল্য পেয়েছিলেন স্লোয়ান। ১৯৮৯ সাল থেকে টানা ১৮ বছর টয়োটার বিলাসবহুল গাড়ির ব্র্যান্ড লেক্সাসের বিজ্ঞাপনের প্রধান কণ্ঠশিল্পী হিসেবে কাজ করেন তিনি।
তার দীর্ঘ টেলিভিশন ক্যারিয়ারে ‘দ্য স্ট্রিটস অব সান ফ্রান্সিসকো’, ‘কোজাক’, ‘ওয়ান্ডার ওম্যান’, ‘মার্ডার, শি রোট’ এবং ‘দ্য এক্স-ফাইলস’-এর মতো জনপ্রিয় সিরিজেও অভিনয় করেছেন।
ব্যক্তিগত জীবনে ১৯৭৩ সালে অভিনেত্রী ডেইর্ড্রে লেনিয়ানকে বিয়ে করেন জেমস স্লোয়ান। তাদের দুই সন্তান—ছেলে ড্যানিয়েল ও মেয়ে সামান্থা স্লোয়ান।








