প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না

সিনেমা জগতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের প্রভাব ক্রমেই বাড়ছে। প্রযুক্তির দ্রুত অগ্রগতিতে চলচ্চিত্রের ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা থাকলেও মানুষের মৌলিক সৃষ্টিশীলতার ওপর আস্থা রাখছেন হলিউড তারকা টম ক্রুজ। তার মতে, প্রযুক্তি যতই উন্নত হোক, মানুষের তৈরি গল্প ও বাস্তব অভিজ্ঞতার বিকল্প হতে পারবে না।
বিজ্ঞাপন
সম্প্রতি লন্ডনে বাফটার ঐতিহ্যবাহী ‘লাইফ ইন পিকচার্স’ অনুষ্ঠানে নিজের দীর্ঘ ক্যারিয়ার ও সিনেমার ভবিষ্যৎ নিয়ে কথা বলেন টম ক্রুজ। চার দশকের অভিনয়জীবনের নানা স্মৃতি তুলে ধরার পাশাপাশি ‘টপ গান’, ‘জেরি ম্যাগুয়ার’, ‘ম্যাগনোলিয়া’ এবং ‘মিশন: ইম্পসিবল’ ফ্র্যাঞ্চাইজিসহ নিজের উল্লেখযোগ্য কাজ নিয়েও আলোচনা করেন তিনি।
চলচ্চিত্রে এআইয়ের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে প্রশ্ন করা হলে ক্রুজ বলেন, ‘আসল বিষয়টি হলো, মানুষের বিকল্প একমাত্র মানুষই। প্রযুক্তি যতই আসুক, সৃষ্টিশীল মানুষদের কাজ থামানো যাবে না; তৈরি করে যেতে হবে।’
নির্মাতাদের উদ্দেশে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়বে এবং এটি ঠেকানো সম্ভব নয়। তবে দর্শকেরা পর্দায় বাস্তব অভিজ্ঞতা ও সত্যিকারের গল্প দেখতে চান। তাই প্রযুক্তির পাশাপাশি নির্মাতাদের নিজেদের সৃজনশীলতা ধরে রাখার আহ্বান জানান তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রেক্ষাগৃহে দর্শকদের আগ্রহ নিয়েও আশাবাদী ক্রুজ। এর প্রমাণ হিসেবে চলতি গ্রীষ্মে বৈশ্বিক বক্স অফিসে প্রায় ৪.৭৬ বিলিয়ন ডলার আয়ের কথা উল্লেখ করেন তিনি।
টম ক্রুজ বলেন, ‘মানুষ যে এখনও সিনেমা হলে গিয়ে অভিজ্ঞতা নিতে চায় এবং নতুন গল্প দেখতে ভালোবাসে, এটি তারই বড় প্রমাণ।’
এদিকে নিজের পরবর্তী সিনেমা ‘ডিগার’ নিয়েও কথা বলেছেন এই অভিনেতা। অস্কারজয়ী পরিচালক আলেজান্দ্রো জি ইনারিতুর পরিচালনায় নির্মিত ছবিটিতে একজন ধনাঢ্য তেল ব্যবসায়ীর চরিত্রে দেখা যাবে তাকে।
বিজ্ঞাপন
ছবিটির চিত্রনাট্য নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ক্রুজ বলেন, ‘আমি আমার ক্যারিয়ারে এমন চিত্রনাট্য আগে কখনো পড়িনি। এটি আমার দেখা অন্যতম মৌলিক ও হৃদয়স্পর্শী একটি চলচ্চিত্র হতে যাচ্ছে।’
বহুল প্রতীক্ষিত ‘ডিগার’ আগামী ২ অক্টোবর ওয়ার্নার ব্রাদার্সের মাধ্যমে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।








