Logo

ঢাকাই সিনেমায় বেকারত্ব বাড়ছে, অসহায় দিন কাটছে চিকন আলীর

profile picture
বিনোদন ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২৬, ১৩:৪৩
ঢাকাই সিনেমায় বেকারত্ব বাড়ছে, অসহায় দিন কাটছে চিকন আলীর
ছবি: সংগৃহীত

একসময় নিয়মিত সিনেমায় অভিনয়, ব্যস্ত শুটিং আর দর্শকের হাসির অন্যতম কারণ ছিলেন ‘চিকন আলী’। কিন্তু ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সংকটে সেই ব্যস্ততা অনেকটাই হারিয়েছেন এই অভিনেতা। কাজের অভাবে পরিবার নিয়ে কঠিন সময় পার করছেন বলে জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

দীর্ঘ দুই দশকের অভিনয়জীবনে শামীম খান নামে পরিচিত এই অভিনেতা ‘চিকন আলী’ চরিত্রে ব্যাপক জনপ্রিয়তা পান। তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করা এই কমেডিয়ান এখন একটি সিনেমায় কাজের জন্যও দীর্ঘ সময় অপেক্ষা করছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বর্তমান পরিস্থিতি ও দেশের চলচ্চিত্রের সংকট নিয়ে কথা বলেন চিকন আলী।

তিনি বলেন, ‘ভালো নাই ভাই। অযথা বলে লাভ নাই, খুব খারাপ আছি। কাজ নাই, কর্ম নেই, চলচ্চিত্র নেই। পরিবার নিয়ে অসহায় দিন কাটে। চলচ্চিত্রের জন্যই তো নিজেকে তৈরি করছি, সেই চলচ্চিত্র কই? কোথায় সিনেমা?’

বিজ্ঞাপন

কাজ না থাকলে একজন শিল্পীর স্বাভাবিকভাবে ভালো থাকা কঠিন বলেও মন্তব্য করেন তিনি। নিজের পেশাকে ব্যবসার সঙ্গে তুলনা করে চিকন আলী বলেন, ব্যবসায় ক্রেতা না এলে যেমন পণ্য বিক্রি করা যায় না, তেমনি শিল্পী হিসেবে কাজ না থাকলে আয়-রোজগারও থাকে না।

তার ভাষায়, ‘আমি তো একটা পণ্য। আমি যদি নিজেকে বিক্রি করতে না পারি, তাহলে ভালো থাকব না। আমার পরিবারও ভালো থাকবে না।’

চলচ্চিত্র নিয়ে নানা আলোচনা হলেও বাস্তবে নির্মাণ ও বিনিয়োগে তার প্রতিফলন দেখা যাচ্ছে না বলে মনে করেন এই অভিনেতা। বড় বাজেটের সিনেমা নির্মাণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

চিকন আলী বলেন, ‘সবাই চলচ্চিত্রকে নিয়ে ফাঁকা বুলি দেয়। চলচ্চিত্রে এটা হয় না, সেটা হয় না। এভাবে তো হবে না। ভাই, আপনার বাজেট লাগবে।’

তার মতে, বর্তমান দর্শককে হলে ফিরিয়ে আনতে সিনেমার গল্প, নির্মাণ ও উপস্থাপনায় বড় পরিবর্তন দরকার। শুধু সীমিত পরিসরে কম বাজেটের ছবি বানিয়ে দর্শক ধরে রাখা কঠিন বলেও মন্তব্য করেন তিনি।

দেশের বিভিন্ন এলাকার দর্শককে সিনেমা হলে টানতে হলে প্রদর্শন ব্যবস্থারও উন্নয়ন প্রয়োজন বলে মনে করেন চিকন আলী। আন্তর্জাতিকভাবে জনপ্রিয় ‘টাইটানিক’ সিনেমার উদাহরণ দিয়ে তিনি বলেন, একটি সিনেমা যদি বড় পরিসরে দর্শকের কাছে পৌঁছানোর সুযোগ পায়, তাহলে আশপাশের বিভিন্ন এলাকার মানুষও তা দেখতে হলে আসতে পারেন।

বিজ্ঞাপন

দর্শকদের বর্তমান রুচি ও প্রত্যাশার বিষয়টিও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন এই অভিনেতা। পুরোনো ধাঁচের মারামারি বা কৃত্রিম অ্যাকশন দিয়ে এখন আর দর্শককে আকৃষ্ট করা সম্ভব নয় বলে মনে করেন তিনি।

চিকন আলীর ভাষায়, ‘সিনেমাকে সিনেমার মতো করতে হবে। এমন ছবি বানাতে হবে, যেটা দেখতে মানুষ ছুটে আসবে। দর্শক এখন অনেক কিছু দেখে ফেলেছে। তাই নতুন কিছু দিতে হবে। ভালো সিনেমা হলে দর্শক অবশ্যই আসবে।’

বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন চিকন আলী। অভিনয়ের পাশাপাশি ইউটিউব কনটেন্ট তৈরির সঙ্গেও যুক্ত আছেন তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD