‘প্রবল ঘোর’ নিয়ে ফিরলেন কুসুম শিকদার, ৯ বছর পর নতুন গান

অভিনেত্রী, নির্মাতা ও সংগীতশিল্পী কুসুম শিকদার নতুন গান ‘প্রবল ঘোর’ নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন। দীর্ঘ নয় বছর পর নতুন গান প্রকাশ করলেন তিনি। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে গানটির ভিডিও প্রকাশ করা হয় কুসুমের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।
বিজ্ঞাপন
অভিনয়ের পাশাপাশি নির্মাণ ও সংগীতেও আগ্রহ রয়েছে কুসুমের। তবে তাঁর ক্যারিয়ারের শুরু হয়েছিল গান দিয়ে। একসময় অ্যালবামও প্রকাশ করেছিলেন তিনি। অভিনয়ে ব্যস্ত হয়ে পড়লেও সংগীত থেকে পুরোপুরি দূরে সরে যাননি এই শিল্পী। নতুন গান প্রকাশের মধ্য দিয়ে সেই আগ্রহেরই জানান দিলেন তিনি।
‘প্রবল ঘোর’ গানটির কথা লিখেছেন কুসুম নিজেই। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন মাহমুদ সানি। ভিডিও নির্মাণ করেছেন নকুল সরকার। গানটির ভিডিওতে কুসুমের সঙ্গে অভিনয় করেছেন শাহ রাসেল।
এর আগে ২০১৭ সালে ‘নেশা’ শিরোনামে একটি গান প্রকাশ করেছিলেন কুসুম। গানটি সে সময় আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। এরপর দীর্ঘ বিরতি শেষে এবার নতুন গান নিয়ে ফিরলেন তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
কুসুম জানান, করোনাভাইরাস মহামারির শুরুর দিকে ‘প্রবল ঘোর’ গানটি লিখেছিলেন তিনি। পরে গানটির রেকর্ডিং সম্পন্ন হলেও মিউজিক ভিডিও তৈরি না হওয়ায় প্রকাশ পিছিয়ে যায়। অবশেষে চলতি বছরের জুনে কক্সবাজারে গানটির ভিডিওর শুটিং করেন তিনি।
নতুন গান প্রকাশের বিষয়ে কুসুম বলেন, ‘এর মাঝে সিনেমা বানিয়েছি। এটা তো বড় কাজ, অনেকটা সময় লেগে গিয়েছিল। ফলে চাইলেও গানটির কাজ শেষ করতে পারছিলাম না। তবে দর্শক মাঝে মাঝেই আমার নতুন গানের কথা জিজ্ঞেস করেন। তাদের আবদার আর তাড়না থেকেই এবার প্রকাশ করলাম।’
‘শরতের জবা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র নির্মাতা হিসেবে অভিষেক হয় কুসুম শিকদারের। সিনেমাটি প্রশংসা পাওয়ার পর এবার দ্বিতীয় চলচ্চিত্র নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন তিনি। সবকিছু পরিকল্পনামতো এগোলে আগামী বছরের শুরুর দিকে নতুন সিনেমার শুটিং শুরু করবেন এই অভিনেত্রী।








