এবার সিনেমার গানে কণ্ঠ দিতে যাচ্ছেন বুবলী

সংবাদ পাঠিকা থেকে চলচ্চিত্র অভিনেত্রী—বিভিন্ন পরিচয়ে দর্শকদের সামনে এসেছেন শবনম বুবলী। অভিনয়ের পাশাপাশি গান গেয়েও নিজের আরেকটি প্রতিভার পরিচয় দিয়েছেন তিনি। এবার প্রথমবারের মতো সিনেমার গানে কণ্ঠ দিতে যাচ্ছেন এই অভিনেত্রী।
বিজ্ঞাপন
নির্মাতা জাহিদ হোসেনের নতুন সিনেমা ‘ঢাকাইয়া দেবদাস’-এর একটি গানে প্লেব্যাক করবেন বুবলী। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক। গানটিতে কণ্ঠ দেওয়ার বিষয়ে অভিনেত্রীর সঙ্গে ইতিমধ্যে আলোচনা হয়েছে এবং তিনি প্রস্তাবে সম্মতিও জানিয়েছেন।
নির্মাতা জাহিদ হোসেন জানান, গানটির কথা লিখেছেন গীতিকার কবির বকুল। চলতি ডিসেম্বরেই গানটির রেকর্ডিং সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে তাঁদের।
গানটিতে বুবলীর যুক্ত হওয়ার পেছনের ঘটনা জানিয়ে পরিচালক বলেন, ‘শুটিংয়ের সময় গানটির ডেমো শুনে বুবলী বেশ পছন্দ করেন। সেই সুবাদে তাকে গানটি গাওয়ার প্রস্তাব দেই। তিনিও রাজি হয়েছেন।’
এর আগে গত রোজার ঈদে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে গান গেয়ে দর্শকদের সামনে নিজের সংগীতপ্রতিভা তুলে ধরেছিলেন বুবলী। এবার চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়ার মধ্য দিয়ে তাঁর ক্যারিয়ারে যুক্ত হতে যাচ্ছে নতুন অভিজ্ঞতা।
পুরান ঢাকার মানুষের জীবনযাপন, সমাজ ও সংস্কৃতিকে উপজীব্য করে নির্মিত হচ্ছে ‘ঢাকাইয়া দেবদাস’। একটি প্রেমের গল্পের মধ্য দিয়ে সিনেমাটিতে তুলে ধরা হবে পুরান ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও জীবনধারা।
সিনেমাটিতে বুবলীর বিপরীতে অভিনয় করছেন আদর আজাদ। এই জুটির চতুর্থ সিনেমা এটি। আরও অভিনয় করছেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপুসহ একাধিক পরিচিত অভিনেতা।
এদিকে অভিনয় ও সংগীতের পাশাপাশি প্রযোজনাতেও যুক্ত হয়েছেন বুবলী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান ‘বিগ প্রোডাকশন’-এর ব্যানারে নির্মিত হয়েছে প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠিকানা’। মুরসালিন সরকার পরিচালিত সিনেমাটি নির্বাচিত হয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য। আগামী ৯ জানুয়ারি শুরু হওয়ার কথা উৎসবটির ২৫তম আসর।
সব মিলিয়ে অভিনয়, প্রযোজনা ও সংগীত—বিনোদন জগতের একাধিক ক্ষেত্রে নিজের অবস্থান তৈরি করতে নতুন নতুন উদ্যোগ নিচ্ছেন শবনম বুবলী।








