স্বামীর সঙ্গে বিচ্ছেদের পোস্ট মুছে নতুন বার্তা ন্যানসির

সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসির দাম্পত্য জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বামী মহসীন মেহেদীর সঙ্গে আলাদা হয়ে যাওয়ার ঘোষণা দেওয়ার এক রাতের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সেই পোস্ট সরিয়ে নিয়েছেন তিনি। তবে এ বিষয়ে এখনো কোনো ব্যাখ্যা দেননি গায়িকা।
বিজ্ঞাপন
বুধবার (২৫ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ন্যানসি জানান, তিনি ও তাঁর স্বামী মহসীন মেহেদী আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘদিনের দাম্পত্য জীবনের ইতি টানার বিষয়টি প্রকাশ্যে আসার পর ভক্ত ও অনুসারীদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
তবে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ন্যানসির ফেসবুক পেজে গিয়ে বিচ্ছেদসংক্রান্ত সেই পোস্ট আর দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, রাত পেরোনোর পর সকালে পোস্টটি মুছে ফেলেছেন তিনি। যদিও পোস্ট সরিয়ে নেওয়ার কারণ সম্পর্কে ন্যানসির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক পেজে বারান্দায় থাকা বাগানবিলাস গাছের একটি ছবি প্রকাশ করেছেন এই সংগীতশিল্পী। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কী সুন্দর! কী সুন্দর! আমার এমন আরো চাই।’
এর আগে বিচ্ছেদের ঘোষণা দিয়ে ন্যানসি লিখেছিলেন, ‘মেহেদী ও আমি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যে পথচলা একসময় আমাদের কাছে সবকিছু ছিল, আজ তার সমাপ্তি ঘটেছে। একসঙ্গে কাটানো দীর্ঘ সময়ের অসংখ্য স্মৃতি ও অভিজ্ঞতার পর আমরা দুজন এখন আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
পোস্টে ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও অনুসারীদের প্রতি তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান জানানোর অনুরোধও জানিয়েছিলেন তিনি। জীবনের নতুন অধ্যায় শুরু করার প্রত্যয় ব্যক্ত করে ন্যানসি লিখেছিলেন, ‘জীবন নিজের নিয়মেই এগিয়ে চলে। আশা করি, জীবনের এই নতুন অধ্যায় আমি শক্তি, মর্যাদা ও মানসিক প্রশান্তির সঙ্গে গ্রহণ করতে পারব। সবসময় পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।’
উল্লেখ্য, ২০২১ সালের আগস্টে মহসীন মেহেদীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ন্যানসি। পরের বছর ২০২২ সালের জুনে তাঁদের সংসারে জন্ম নেয় একটি কন্যাসন্তান।
এর আগে আরও দুটি বিয়ে করেছিলেন এই সংগীতশিল্পী। ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভের সঙ্গে প্রথম সংসার শুরু করেন তিনি। সেই সংসারে জন্ম নেয় কন্যাসন্তান রোদেলা। ২০১২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। রোদেলা বর্তমানে মায়ের সঙ্গে থাকেন এবং মায়ের পথ অনুসরণ করে গানের জগতে যুক্ত হয়েছেন।
পরবর্তী সময়ে ২০১৩ সালে নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন ন্যানসি। দ্বিতীয় সংসারেও একটি কন্যাসন্তানের মা হন তিনি। ২০২১ সালে ওই সংসার ভাঙার খবর প্রকাশ্যে আসে। এরপর একই বছরের আগস্টে মহসীন মেহেদীর সঙ্গে নতুন জীবন শুরু করেছিলেন এই গায়িকা।








