শুটিং করতে গিয়ে প্রিয়ন্তী উর্বীর মুখের ওপর পড়ল ক্যামেরা

শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের দৃশ্য ধারণের সময় ক্যামেরাসহ এক চিত্রগ্রাহক তাঁর মুখের ওপর পড়ে যান। এতে নাকে প্রচণ্ড ব্যথা পান অভিনেত্রী, ফুলে যায় নাকও। তবে চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করছেন তিনি। দুর্ঘটনার পরও শুটিং চালিয়ে যাচ্ছেন উর্বী।
বিজ্ঞাপন
সোমবার (১২ অক্টোবর) রাজধানীর মহাখালীতে অবস্থিত ক্যানসার ইনস্টিটিউটে শুটিংয়ের সময় এ ঘটনা ঘটে। মঙ্গলবার (১৩ অক্টোবর) এক বার্তায় দুর্ঘটনার অভিজ্ঞতা নিজেই জানিয়েছেন অভিনেত্রী।
ঘটনার বর্ণনা দিয়ে উর্বী জানান, হাসপাতালের একটি দৃশ্যে তাঁকে বেডে শুইয়ে রাখা হয়েছিল। অন্যরা বেডটি টেনে একটি কক্ষে নিয়ে যাচ্ছিলেন। ক্লোজ শট নেওয়ার জন্য চিত্রগ্রাহক বেডের ওপর উঠে তাঁর মুখের সামনে ক্যামেরা স্থাপন করছিলেন। শুটিংয়ের মাঝখানে বেডটি ঝাঁকি খাওয়ায় চিত্রগ্রাহক ভারসাম্য হারিয়ে ফেলেন। এ সময় ক্যামেরাসহ তিনি সরাসরি উর্বীর মুখের ওপর পড়ে যান।
উর্বী বলেন, দুর্ঘটনার পর এক মুহূর্তের জন্য তিনি কিছু দেখতে পাচ্ছিলেন না, কথাও বলতে পারছিলেন না। অসহ্য ব্যথায় কাতর হয়ে পড়েছিলেন তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
দুর্ঘটনার পরপরই হাসপাতালে নেওয়া হয় উর্বীকে। সেখানে তাঁর এক্স-রে করানো হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বর্তমানে ওষুধ সেবন করছেন তিনি।
অভিনেত্রী জানান, নাকে প্রচণ্ড ব্যথা পেয়েছেন এবং নাক ফুলে গেছে। তবে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি ভেবে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
দুর্ঘটনার জন্য কাউকে দায়ী করতে চান না এই অভিনেত্রী। তাঁর মতে, সবাই নিজ নিজ দায়িত্ব ঠিকভাবেই পালন করছিলেন। এটি ছিল অনাকাঙ্ক্ষিত একটি দুর্ঘটনা। তবে দুর্ঘটনার সময় তিনি যে তীব্র ব্যথার মধ্য দিয়ে গেছেন, সেটিও বাস্তব বলে উল্লেখ করেন উর্বী।
বিজ্ঞাপন
আহত হওয়ার পরও কাজ থেকে বিরতি নেননি তিনি। দুর্ঘটনার পরদিন মঙ্গলবারও শুটিং করছেন অভিনেত্রী। পূর্ণাঙ্গ সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন প্রিয়ন্তী উর্বী।








