আজ মিমি চক্রবর্তীর বিয়ে

টালিউডে বিয়ের খবর নিয়ে আলোচনায় জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নিজের বাসায় আইনি বিয়ের মাধ্যমে নতুন জীবন শুরু করতে যাচ্ছেন তিনি। কলকাতার সংবাদমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞাপন
প্রতিবেদনের সঙ্গে প্রকাশিত কয়েকটি ছবিতে বন্ধু ও হবু বরের সঙ্গে দেখা গেছে মিমিকে। ছবিতে সবার মুখেই ছিল আনন্দের ছাপ। তবে বিয়ের বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি অভিনেত্রী।
সংবাদ প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী, মিমির হবু স্বামীর নাম সিদ্ধার্থ দত্ত। পেশায় তিনি একজন মেরিন ইঞ্জিনিয়ার। বৃহস্পতিবার তাদের আইনি বিয়ের পাশাপাশি বাগদান অনুষ্ঠানও হওয়ার কথা রয়েছে। এতে দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং টালিউডে মিমির ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবেন। আমন্ত্রিতদের তালিকায় অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় ও পোশাকশিল্পী অভিষেক রায়ের নামও রয়েছে বলে জানা গেছে।
আইনি বিয়ের পর আগামী ৫ ডিসেম্বর ভারতের পশ্চিমবঙ্গের কালিম্পংয়ে তিন দিনব্যাপী অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সিদ্ধার্থ ও মিমির। পাহাড়ি পরিবেশে বিয়ের আয়োজন শেষে কলকাতায় ফিরবেন তারা।
পরবর্তী সময়ে ১১ ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত হবে তাদের বিবাহোত্তর সংবর্ধনা বা রিসেপশন। সেখানে টালিউডের তারকা, বন্ধু ও বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে।
মিমির বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই বিনোদনজগতে নানা গুঞ্জন চলছিল। তবে প্রতিবারই বিষয়টি এড়িয়ে গেছেন অভিনেত্রী। সম্প্রতি তার বিয়ের নিমন্ত্রণপত্র প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে আলোচনা আরও জোরালো হয়।
মডেলিংয়ের মাধ্যমে বিনোদনজগতে যাত্রা শুরু করেন মিমি চক্রবর্তী। পরে টেলিভিশন ধারাবাহিকে অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রেও নিজের অবস্থান তৈরি করেন তিনি। ‘চ্যাম্পিয়ন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হলেও ২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ সিনেমায় প্রথমবার প্রধান চরিত্রে অভিনয় করেন।
একই বছর ‘বোঝেনা সে বোঝেনা’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন মিমি। এরপর ‘প্রলয়’, ‘গল্প হলেও সত্যি’, ‘যোদ্ধা’, ‘শুধু তোমারই জন্য’, ‘কেলোর কীর্তি’, ‘ড্রাকুলা স্যার’, ‘বাজি’, ‘মিনি’ ও ‘রক্তবীজ’সহ একাধিক আলোচিত সিনেমায় অভিনয় করেছেন তিনি।
এ ছাড়া বাংলাদেশের জনপ্রিয় সিনেমা ‘তুফান’-এ অভিনয়ের মাধ্যমেও দুই বাংলার দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন এই অভিনেত্রী।








