Logo

ঢাকায় ওটিলিয়ার কনসার্ট, টিকিটের দাম সর্বোচ্চ ১৫ হাজার টাকা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
২৬ নভেম্বর, ২০২৬, ২০:২৪
ঢাকায় ওটিলিয়ার কনসার্ট, টিকিটের দাম সর্বোচ্চ ১৫ হাজার টাকা
ছবি: সংগৃহীত

প্রায় এক দশক আগে ‘বিলিওনেরা’ গান দিয়ে আন্তর্জাতিক সংগীতাঙ্গনে পরিচিতি পান রোমানিয়ান পপশিল্পী ওটিলিয়া ব্রুমা। গানটি সে সময় বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। তবে একটি গানের মাধ্যমে আলোচনায় আসা এই শিল্পীর পরবর্তী সংগীতযাত্রায় সেই সাফল্যের পুনরাবৃত্তি খুব একটা দেখা যায়নি। এবার দ্বিতীয়বারের মতো ঢাকায় এসেছেন তিনি। আর তাকে ঘিরেই নতুন করে আলোচনা শুরু হয়েছে দেশের সংগীতপ্রেমীদের মধ্যে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকায় পৌঁছান ওটিলিয়া। বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এই রোমানিয়ান সংগীতশিল্পী। তার আগমন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও তৈরি হয়েছে আগ্রহ। তবে উচ্ছ্বাসের পাশাপাশি কনসার্ট আয়োজনের যৌক্তিকতা এবং টিকিটের মূল্য নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।

বিশেষ করে ‘বিলিওনেরা’ ছাড়া ওটিলিয়ার অন্য গানগুলো কতটা জনপ্রিয়, তা নিয়ে আলোচনা চলছে। অনেকের প্রশ্ন, একটি গান দিয়েই পরিচিতি পাওয়া এই শিল্পীকে দেখতে দর্শকরা কতটা আগ্রহী হবেন? কারণ, তার পরিবেশনা সরাসরি উপভোগ করতে দর্শকদের গুনতে হবে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ।

কনসার্টের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ২ হাজার ৫০০ টাকা। আর সামনের সারিতে বসে অনুষ্ঠান উপভোগ করতে খরচ করতে হবে সর্বোচ্চ ১৫ হাজার টাকা। ফলে টিকিটের এই মূল্য এবং শিল্পীর সামগ্রিক জনপ্রিয়তার মধ্যে সামঞ্জস্য রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

বিদেশি শিল্পীদের নিয়ে বাংলাদেশে কনসার্ট আয়োজন অবশ্য নতুন কোনো বিষয় নয়। তবে এমন আয়োজনের ক্ষেত্রে শিল্পীর দীর্ঘমেয়াদি জনপ্রিয়তা, সাম্প্রতিক সংগীতচর্চা এবং আন্তর্জাতিক অঙ্গনে বর্তমান অবস্থান বিবেচনায় নেওয়া প্রয়োজন বলে মনে করছেন সংগীতসংশ্লিষ্টদের একাংশ।

ওটিলিয়ার সাম্প্রতিক মঞ্চ পরিবেশনার সংখ্যা নিয়েও আলোচনা রয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, চলতি বছরে তার লাইভ শোর সংখ্যা তুলনামূলক কম। অন্যদিকে এড শিরান, বিয়ন্সে কিংবা টেলর সুইফটের মতো আন্তর্জাতিক তারকারা বছরে ৮০টিরও বেশি কনসার্টে অংশ নিয়ে থাকেন। বিশ্বসংবাদমাধ্যমেও সাম্প্রতিক সময়ে ওটিলিয়াকে নিয়ে উল্লেখযোগ্য আলোচনা চোখে পড়েনি।

ইউটিউবের পরিসংখ্যানেও ওটিলিয়ার জনপ্রিয় গানের মধ্যে বড় ধরনের ব্যবধান দেখা যায়। তার সবচেয়ে পরিচিত গান ‘বিলিওনেরা’র অফিশিয়াল মিউজিক ভিডিওতে ভিউ প্রায় ৭২ কোটি ৫৯ লাখ। অন্যদিকে ‘অ্যাডেলান্তে’ গানটির ভিউ প্রায় ৮ কোটি ৫২ লাখ। ‘ডায়ামান্তে’ পেয়েছে ৭ কোটি ৭৫ লাখ, ‘প্রিসিওনেরা’ ৪ কোটি ৩৫ লাখ এবং ‘অ্যাভেনচুরা’ গানটি দেখেছেন প্রায় ২ কোটি ৭৮ লাখ দর্শক।

এই পরিসংখ্যান থেকে বোঝা যায়, ‘বিলিওনেরা’র বাইরেও ওটিলিয়ার কয়েকটি গান শ্রোতাদের কাছে পরিচিতি পেয়েছে। তবে তার সবচেয়ে জনপ্রিয় গানটির সঙ্গে বাকি গানগুলোর ভিউয়ের ব্যবধান বেশ বড়।

এদিকে ওটিলিয়ার অফিশিয়াল ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ৪ লাখ ৩ হাজার। গানগুলোর ভিউ, চ্যানেলের অনুসারী এবং সাম্প্রতিক মঞ্চ পরিবেশনার তথ্য মিলিয়ে তার পরিচিতির প্রধান ভিত্তি হিসেবে ‘বিলিওনেরা’ গানটিই সামনে আসে। যদিও শুধু ইউটিউবের পরিসংখ্যান দিয়ে একজন শিল্পীর সামগ্রিক জনপ্রিয়তা কিংবা সংগীতজগতের অবস্থান নির্ধারণ করা সম্ভব নয়।

অন্যদিকে দেশের সংগীতাঙ্গনে জনপ্রিয় ও প্রতিষ্ঠিত শিল্পীর সংখ্যা কম নয়। পাশাপাশি ভারতীয় উপমহাদেশেও রয়েছেন অনেক পরিচিত সংগীতশিল্পী, যাদের গান ও মঞ্চ পরিবেশনার প্রতি বাংলাদেশের শ্রোতাদের দীর্ঘদিনের আগ্রহ রয়েছে। তাদের নিয়ে বড় পরিসরে আয়োজনের সুযোগ থাকা সত্ত্বেও ওটিলিয়াকে ঘিরে এত বড় আয়োজনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলছেন সংগীতপ্রেমীদের কেউ কেউ।

তবে বিদেশি শিল্পীদের বাংলাদেশে আমন্ত্রণ জানানোর বিষয়ে আপত্তির চেয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে আয়োজনের ব্যাপ্তি ও শিল্পীর বর্তমান জনপ্রিয়তা। বিশেষ করে একটি গানকে কেন্দ্র করে গড়ে ওঠা পরিচিতির বিপরীতে সর্বোচ্চ ১৫ হাজার টাকা টিকিটের মূল্য নির্ধারণ কতটা গ্রহণযোগ্য হবে, সেটিই এখন কনসার্টটি ঘিরে আলোচনার অন্যতম বিষয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD