Logo

মধ্যপ্রাচ্যে যুদ্ধ: ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় প্রবাসীদের ঈদযাত্রা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ মার্চ, ২০২৬, ১৯:৩৮
মধ্যপ্রাচ্যে যুদ্ধ: ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় প্রবাসীদের ঈদযাত্রা
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে সৃষ্ট উত্তেজনার কারণে আকাশপথে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশে ফেরার অপেক্ষায় থাকা হাজারো প্রবাসী চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

বিজ্ঞাপন

নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় গত ২৮ ফেব্রুয়ারি থেকে সৌদি আরব, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ সাময়িকভাবে বিমান চলাচল স্থগিত করে।

এর ফলে দুই থেকে তিন মাস আগে ঈদের টিকিট কেটে রাখা অনেক প্রবাসী বিপাকে পড়েছেন। বিশেষ করে যারা রমজান ও ঈদের ছুটিতে পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে দেশে যাওয়ার পরিকল্পনা করেছিলেন, তাদের যাত্রা এখন অনিশ্চিত হয়ে পড়েছে।

বিজ্ঞাপন

প্রবাসীদের কয়েকজন জানান, অনেকেই ভিজিট ভিসায় পরিবার ও আত্মীয়-স্বজনকে কুয়েতে নিয়ে এসেছিলেন। কিন্তু ফ্লাইট বন্ধ থাকায় নির্ধারিত সময়েও তারা দেশ ছাড়তে পারছেন না। এ পরিস্থিতিতে মানবিক বিবেচনায় আটকে পড়া পর্যটকদের ভিসার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে এক মাস বাড়িয়ে দিয়েছে কুয়েত সরকার।

এদিকে ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীরা প্রতিদিন ট্রাভেল এজেন্সিগুলোতে ভিড় করছেন। কখন ফ্লাইট চালু হবে, সে বিষয়ে নিশ্চিত তথ্য না থাকায় অনেককেই হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে। ট্রাভেল এজেন্সিগুলো পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ধৈর্য ধরার পরামর্শ দিচ্ছে এবং ফ্লাইট চালু হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিচ্ছে।

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলেই পূর্ণ সক্ষমতায় ফ্লাইট পরিচালনার জন্য তারা প্রস্তুত রয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে কয়েকটি এয়ারলাইন্স যাত্রী ও ট্রাভেল এজেন্সিকে জানিয়েছে, অতিরিক্ত কোনো ফি ছাড়াই নির্দিষ্ট সময়ের মধ্যে আগের টিকিটে ভ্রমণের তারিখ পুনর্নির্ধারণ করা যাবে। আর কেউ চাইলে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের নিয়ম অনুযায়ী টিকিটের অর্থ ফেরত পাওয়ার সুযোগও থাকবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD