দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে জামাল মিয়া নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার রাতে দেশটির রাজধানীতে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে তাকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তার দোকানের এক কর্মচারীও গুরুতর আহত হয়েছেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে জামাল মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।
নিহত জামাল মিয়া চাঁদপুর মতলব উত্তর উপজেলার সিপাই কান্দি গ্রামের ছিডু মিয়া বেপারির ছেলে। তার বাবা-মা, স্ত্রী ও তিন সন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ছয় বছর আগে জীবিকার সন্ধানে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান জামাল। সেখানে রাজধানীতে একটি ভ্যারাইটি সুপারশপ পরিচালনা করতেন তিনি। বুধবার রাতে নিজের দোকানের সামনে অবস্থান করার সময় আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
জামালের পরিবারের দাবি, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের পেছনে কারা রয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
গুলিতে জামালের দোকানের এক কর্মচারীও গুরুতর আহত হয়েছেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত ওই কর্মচারীর পরিচয় এখনো জানা যায়নি।
বিজ্ঞাপন
নিহতের বাবা মো. ছিডু মিয়া বেপারী জানান, তার ছেলে পরিবারের স্বচ্ছলতার জন্য বিদেশে গিয়ে নিজের কষ্টার্জিত অর্থে ব্যবসা করছিলেন। এখন সন্ত্রাসীদের গুলিতে তাকে হারিয়ে পুরো পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। তিনি দ্রুত সরকারি নিয়ম অনুযায়ী তার ছেলের মরদেহ দেশে ফিরিয়ে এনে নিজ গ্রামের বাড়ি সিপাই কান্দিতে দাফনের ব্যবস্থা করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
তিনি আরও জানান, তার ছেলেকে হত্যার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা আফ্রিকার রাষ্ট্রদূতের একজন সেক্রেটারির সঙ্গে কথা বলেছি। আমরা ইতিপূর্বে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করছি। তার পরিবারের প্রয়োজনীয় সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে।
বিজ্ঞাপন








