দেশে ফিরল সৌদিতে ইরানের হামলায় নিহত মোশারফের মরদেহ

সৌদি আরবের আল-খারিজ শহরের কাছে আল-তোয়াইক এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি মোশারফ হোসেনের মরদেহ দেশে পৌঁছেছে।শুক্রবার (২০ মার্চ) সকাল ১০টা ৫০ মিনিটে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইট (এসভি ৮০৬) মরদেহ নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিজ্ঞাপন
বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন নিহতের পরিবার। এ সময় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন।
এর আগে সৌদি আরবের স্থানীয় সময় শুক্রবার সকালে রিয়াদ থেকে একই ফ্লাইটে মোশারফ হোসেনের মরদেহ ঢাকার উদ্দেশে পাঠানো হয়।
বিজ্ঞাপন
নিহত মোশারফ হোসেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার কীর্ত্তনখোলা গ্রামের মো. সুরজত আলীর ছেলে। তিনি আট বছর আগে জীবিকার উদ্দেশ্যে সৌদি আরব যান। দুই বছর আগে একবার দেশে ফিরে আবার কর্মস্থলে যান।
গত ৮ মার্চ সৌদি আরবে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় তিনি নিহত হন। ইফতারের ঠিক আগমুহূর্তে চালানো ওই হামলায় মোশারফসহ মোট তিনজন প্রাণ হারান।
পরিবারের বরাতে জানা গেছে, মৃত্যুর মাত্র আধা ঘণ্টা আগে তিনি বড় ছেলে মাহিমের সঙ্গে ভিডিও কলে কথা বলেন। সেটিই ছিল পরিবারের সঙ্গে তার শেষ যোগাযোগ।








