Logo

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণ নিহত

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ এপ্রিল, ২০২৬, ১৩:৪৩
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণ নিহত
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মোজাহিদ মিল্লাত (২২) নামে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী নাফিজা তাবাসসুম আদিবা গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোরে কুয়ালালামপুরের এমইএক্স হাইওয়েতে মদ্যপ অবস্থায় বিপরীত দিক থেকে আসা এক সেনা কর্মকর্তার গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত মোজাহিদের বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায়।

জানা যায়, স্থানীয় সময় ভোর ৫টা ৪০ মিনিটের দিকে দম্পতি কুয়ালালামপুর বিমানবন্দর থেকে একটি অ্যাপভিত্তিক গাড়িতে হোটেলের উদ্দেশে ফিরছিলেন। সালাক সেলাতান এলাকা থেকে জালান তুন রাজাকমুখী সড়কে পৌঁছালে হঠাৎ দুর্ঘটনার শিকার হন তারা।

বিজ্ঞাপন

এ সময় ৩১ বছর বয়সী এক মালয়েশিয়ান সেনা কর্মকর্তা তার ফোর্ড ফিয়েস্তা গাড়ি নিয়ে ভুল পথে হাইওয়েতে প্রবেশ করেন। পরে তিনি সজোরে ধাক্কা দেন বাংলাদেশি দম্পতির গাড়িতে। ধাক্কার তীব্রতায় গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মোজাহিদ মিল্লাতের মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই সেনা কর্মকর্তাকে আটক করে। প্রাথমিক তদন্তে জানা যায়, তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। অ্যালকোহল পরীক্ষাতেও তার শরীরে অতিরিক্ত মদ্যপানের প্রমাণ পাওয়া গেছে। তার বিরুদ্ধে মালয়েশিয়ার সড়ক পরিবহন আইন ১৯৮৭-এর ৪৪ ধারায় মামলা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।

নিহত মোজাহিদের মরদেহ বর্তমানে কুয়ালালামপুর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

ঘটনার খবর পেয়ে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন দ্রুত পদক্ষেপ নেয়। হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং হাসপাতালে কর্মকর্তাদের পাঠান। পাশাপাশি তিনি নিহতের পরিবারকে প্রয়োজনীয় সব সহযোগিতার আশ্বাস দেন।

মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য একটি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সব আইনি প্রক্রিয়া শেষ করে দ্রুততম সময়ের মধ্যে মরদেহ দেশে আনার ব্যবস্থা চলছে বলে জানিয়েছে হাইকমিশন।

বিজ্ঞাপন

এদিকে গুরুতর আহত নাফিজা তাবাসসুম আদিবার চিকিৎসা চলছে। তার শারীরিক অবস্থাকে ঘিরে পরিবার গভীর উদ্বেগে রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD