Logo

দেশজুড়ে ৬-৫৯ মাস বয়সী শিশুদের টিকাদান কর্মসূচি শুরু

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ এপ্রিল, ২০২৬, ১২:০৯
দেশজুড়ে ৬-৫৯ মাস বয়সী শিশুদের টিকাদান কর্মসূচি শুরু
ছবি: সংগৃহীত

দেশে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শিশুদের সুরক্ষা জোরদার করতে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। এই কর্মসূচির আওতায় দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় একযোগে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের মিজলস (হাম) প্রতিষেধক টিকা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

রবিবার(৫ এপ্রিল) বেলা প্রায় সোয়া ১১টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই কার্যক্রমের উদ্বোধন করেন সরদার মো. সাখাওয়াত হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পরীক্ষা অনুযায়ী, হামে আক্রান্ত রোগীদের ৮২ শতাংশই পাঁচ বছরের কম বয়সী শিশু। তাই আমরা বর্তমানে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী দেশের সব শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করেছি। আজ থেকে সেই কার্যক্রম শুরু হচ্ছে। তবে এই বয়সী শিশুদের মধ্যে যারা বর্তমানে অসুস্থ, তাদের এই মুহূর্তে টিকা দেওয়া হচ্ছে না। অসুস্থ শিশু ছাড়া বাকি সবাইকে টিকার পাশাপাশি ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। আর যারা অসুস্থ, তাদের কেবল ভিটামিন ‘এ’ প্রদান করা হবে।’

বিজ্ঞাপন

মন্ত্রী আরও জানান, প্রথম ধাপে ১৮টি জেলার ৩০টি উপজেলায় এই কার্যক্রম শুরু হয়েছে। বিশ্বব্যাংক ও ইউনিসেফ এসব এলাকায় হামের প্রাদুর্ভাব বেশি বলে শনাক্ত করেছে। এই এলাকাগুলোতে কার্যক্রম শেষ করার পর পর্যায়ক্রমে সারা দেশে বিশেষ এই টিকাদান কর্মসূচি পরিচালনা করা হবে।

প্রথম পর্যায়ের আওতায় থাকা উপজেলাগুলোর মধ্যে রয়েছে—রাজশাহীর গোদাগাড়ী; ঢাকার নবাবগঞ্জ; মুন্সিগঞ্জের লৌহজং, সদর ও শ্রীনগর; ঝালকাঠির নলছিটি; ময়মনসিংহের ত্রিশাল, সদর ও ফুলপুর; চাঁদপুরের হাইমচর ও সদর; বরিশালের মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ; পাবনার ঈশ্বরদী, সদর, আটঘরিয়া ও বেড়া; নওগাঁর পোরশা; গাজীপুর সদর; নেত্রকোনার আটপাড়া; শরীয়তপুরের জাজিরা; বরগুনা সদর; মাদারীপুর সদর; কক্সবাজারের মহেশখালী ও রামু; চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, ভোলাগঞ্জ ও সদর; নাটোর সদর এবং যশোর সদর উপজেলা।

বিজ্ঞাপন

স্বাস্থ্য বিভাগ আশা করছে, এই কর্মসূচির মাধ্যমে ঝুঁকিপূর্ণ শিশুদের দ্রুত টিকার আওতায় আনা সম্ভব হবে এবং দেশে হামের সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা যাবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD