Logo

ময়মনসিংহে নব-নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের এনসিডি বিষয়ক ওরিয়েন্টেশন ওয়ার্কশপ

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
৫ এপ্রিল, ২০২৬, ১৬:৩৪
ময়মনসিংহে নব-নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের এনসিডি বিষয়ক ওরিয়েন্টেশন ওয়ার্কশপ
ছবি: প্রতিনিধি

বাংলাদেশে অসংক্রামক রোগ (এনসিডি) আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের STEPS Survey ২০২২ অনুযায়ী, দেশের প্রাপ্তবয়স্কদের প্রায় ২৫ শতাংশ উচ্চ রক্তচাপে আক্রান্ত। এছাড়া মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশের জন্য দায়ী উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগ; যার মধ্যে প্রায় ৩৪ শতাংশ মৃত্যু ঘটে হৃদরোগ ও স্ট্রোকের কারণে।

বিজ্ঞাপন

এই প্রেক্ষাপটে এনসিডি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ময়মনসিংহ-এ নব-নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের নিয়ে দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়-এর কনফারেন্স রুমে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন ও সভাপতিত্ব করেন সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. ফয়সল আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. প্রদীপ কুমার সাহা এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-সহকারী পরিচালক (স্বাস্থ্য) ডা. ইশরাত জাহান।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে ডা. প্রদীপ কুমার সাহা বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এনসিডি কর্নারের কার্যক্রম আরও গতিশীল করতে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের নিবন্ধন ও নিয়ন্ত্রণে নব-নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

সভাপতির বক্তব্যে ডা. ফয়সল আহমেদ কর্মশালার সার্বিক দিকনির্দেশনা দেন এবং এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী বলে উল্লেখ করেন।

কর্মশালার সমন্বয় করেন মেডিকেল অফিসার ডা. রিপন রায়। সেশন পরিচালনা করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ-এর ময়মনসিংহ বিভাগীয় প্রোগ্রাম অফিসার ডা. শৌভিক রায় এবং বিভাগীয় সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা. মো. আব্বাস ইবনে করিম।

বিজ্ঞাপন

বর্তমানে জেলার ১২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনসিডি কর্নারের মাধ্যমে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগের চিকিৎসা ও সেবা প্রদান করা হচ্ছে। এই কার্যক্রমটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এনসিডিসি প্রোগ্রাম এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে।

প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এনসিডি সেবা নিশ্চিত করতে নব-নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের ধারাবাহিক প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। প্রথম দিনে জেলার ১২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২৭ জন চিকিৎসক অংশ নেন। আগামী ৯ এপ্রিল ২০২৬ পর্যন্ত পর্যায়ক্রমে মোট ১১০ জন চিকিৎসককে প্রশিক্ষণ দেওয়া হবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, মার্চ ২০২৬ পর্যন্ত ময়মনসিংহ জেলার এনসিডি কর্নারের মাধ্যমে প্রায় ৩০ হাজার উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগী ‘সিম্পল অ্যাপ’-এর মাধ্যমে নিবন্ধিত হয়েছেন, যাদের মধ্যে প্রায় ৬০ শতাংশ রোগী বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD