Logo

হামে ২২ দিনে ১১৩ মৃত্যু, আক্রান্ত হাজারো শিশু: স্বাস্থ্য অধিদপ্তর

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ এপ্রিল, ২০২৬, ১৯:১৯
হামে ২২ দিনে ১১৩ মৃত্যু, আক্রান্ত হাজারো শিশু: স্বাস্থ্য অধিদপ্তর
ছবি: সংগৃহীত

দেশজুড়ে মিজেলস বা হাম পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২২ দিনে সারাদেশে হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৬১০ জন শিশু এবং এ সময়ে প্রাণ হারিয়েছে ১১৩ জন। সাম্প্রতিক সময়ে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জনস্বাস্থ্য নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে শুরু করে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে আক্রান্ত হয়ে হাজারো শিশুকে ভর্তি করা হয়েছে।

তথ্য অনুযায়ী, হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে পরীক্ষার মাধ্যমে ৯২৯ জনের শরীরে হাম শনাক্ত করা হয়েছে। যদিও মোট মৃত্যুর সংখ্যা ১১৩ জন, তবে নিশ্চিতভাবে হামের কারণে মৃত্যুর সংখ্যা ১৭ জন বলে নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

এ সময়ে আক্রান্তের দিক থেকে শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ। এখানে হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ৩ হাজার ২৫৯ জন শিশু, যার মধ্যে ৪৬৮ জনের শরীরে পরীক্ষায় রোগটি শনাক্ত হয়েছে।

অন্যদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টার পরিস্থিতিও উদ্বেগজনক। এই সময়ে সারাদেশে হাম সন্দেহে ৬৫৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৪২ জনের শরীরে পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে। ঢাকা বিভাগেই শনাক্তের সংখ্যা সবচেয়ে বেশি, ৩৮ জন।

মৃত্যুর হিসাবেও গত ২৪ ঘণ্টায় উল্লেখযোগ্য সংখ্যা সামনে এসেছে। এ সময়ে হাম সন্দেহে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাজশাহী বিভাগে, যেখানে ৫৫ জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে। এছাড়া ঢাকা বিভাগে ১০ জনের মৃত্যুর খবর জানানো হয়েছে। তবে ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগে এ সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

বিজ্ঞাপন

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কার্যক্রম জোরদার না করলে এবং দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে। অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

সার্বিক পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তর নজরদারি ও চিকিৎসা কার্যক্রম জোরদার করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD