দেশজুড়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার

দেশে হামের সংক্রমণ ও মৃত্যুহার উদ্বেগজনকভাবে বাড়ায় পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সাপ্তাহিক ছুটি ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে দেশের সব স্থায়ী ও অস্থায়ী টিকাকেন্দ্রে এই কার্যক্রম পরিচালিত হবে।
বিজ্ঞাপন
সোমবার (২০ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্ক এলাকায় অবস্থিত একটি শিক্ষাপ্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
এছাড়া জেলা, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশন পর্যায়ে স্থানীয় প্রশাসনের উদ্যোগে পৃথকভাবে উদ্বোধনী আয়োজন করা হচ্ছে, যেখানে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নিচ্ছেন।
বিজ্ঞাপন
কর্মসূচির আওতায় দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলা এবং ৪টি সিটি করপোরেশনসহ বিভিন্ন এলাকায় প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়া হবে। প্রথম ধাপ শুরু হয় ৫ এপ্রিল, যা চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। দ্বিতীয় ধাপ ১২ এপ্রিল থেকে শুরু হয়ে ১২ মে পর্যন্ত চলবে।
এদিকে, আজ থেকে শুরু হওয়া দেশব্যাপী বিশেষ এই টিকাদান কার্যক্রম সিটি করপোরেশন এলাকায় ২০ মে পর্যন্ত এবং অন্যান্য এলাকায় ১২ মে পর্যন্ত চলমান থাকবে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, প্রথম ধাপে দেশের নির্দিষ্ট উপজেলাগুলোতে এবং দ্বিতীয় ধাপে ঢাকা উত্তর-দক্ষিণ, বরিশাল ও ময়মনসিংহসহ গুরুত্বপূর্ণ সিটি করপোরেশনগুলোতে এই কার্যক্রম চালু করা হয়।








