মৌলভীবাজারে মাসব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে মৌলভীবাজারে শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন–২০২৬। সোমবার (২০ এপ্রিল) সকালে জেলা শহরের পৌরসভা কনফারেন্স রুমে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
মৌলভীবাজার জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলার সিভিল সার্জন ডা. মোঃ মামুনুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল আনুষ্ঠানিকভাবে ক্যাম্পেইনের উদ্বোধন ঘোষণা করেন।
কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), ইউনিসেফ এবং দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স (Gavi)। সার্বিক সহযোগিতায় রয়েছে মৌলভীবাজার পৌরসভা।
বিজ্ঞাপন
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, এ ক্যাম্পেইনের আওতায় জেলায় ২ লাখ ১০ হাজার ১৮৬ শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে এই টিকার আওতায় আনা হবে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী জেলার প্রতিটি উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের টিকাদান কেন্দ্রে বিনামূল্যে টিকা প্রদান করা হবে। প্রতিদিন (সাপ্তাহিক ছুটি ব্যতীত) সকাল ৮টা থেকে এই কার্যক্রম পরিচালিত হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান মিজান, জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক মুহাম্মদ জসিম উদ্দিন ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বর্নালী দাসসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। এছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
বিজ্ঞাপন
উদ্বোধনের পর জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের নির্ধারিত টিকাদান কেন্দ্রে একযোগে কার্যক্রম শুরু হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, শিশুদের হাম-রুবেলা ও অন্যান্য প্রতিরোধযোগ্য রোগ থেকে সুরক্ষিত রাখতে নিয়মিত টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সকল অভিভাবকদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী শিশুদের টিকা দেওয়ার আহ্বান জানান।
বিজ্ঞাপন
উল্লেখ্য, দেশব্যাপী এ কর্মসূচির মাধ্যমে প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে হাম ও রুবেলা প্রতিরোধী টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।








