দোহারে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

দোহার উপজেলায় হাম ও রুবেলা রোগ প্রতিরোধে বিশেষ টিকাদান ক্যাম্পেইন–২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (২০ এপ্রিল) উদ্বোধনের মধ্য দিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে টিকাদান কার্যক্রম শুরু হয়।
উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রকিবুল ইসলাম।
বিজ্ঞাপন
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ, আবাসিক মেডিকেল অফিসার ডা. ইয়াহিয়া হোসেনসহ উপজেলা স্বাস্থ্য বিভাগের অন্যান্য চিকিৎসক, নার্স ও কর্মকর্তারা।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, এই বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে উপজেলার নির্ধারিত বয়সসীমার শিশুদের হাম ও রুবেলা প্রতিরোধে টিকা প্রদান করা হবে। সংশ্লিষ্টরা সকল অভিভাবককে তাদের সন্তানদের নির্ধারিত কেন্দ্রে এনে টিকা দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।
বিজ্ঞাপন
উল্লেখ্য, হাম ও রুবেলা একটি সংক্রামক রোগ। সময়মতো টিকা গ্রহণের মাধ্যমে এ রোগ থেকে শিশুদের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব।








