Logo

পাথরঘাটায় র‌্যাবের অভিযানে ৩৬ হাজার লিটার ভোজ্যতেল জব্দ

profile picture
জেলা প্রতিনিধি
বরগুনা
১৯ এপ্রিল, ২০২৬, ১৯:১৫
পাথরঘাটায় র‌্যাবের অভিযানে ৩৬ হাজার লিটার ভোজ্যতেল জব্দ
ছবি প্রতিনিধি।

বরগুনার পাথরঘাটায় বিপুল পরিমাণ ভোজ্যতেল অবৈধভাবে মজুদ করে বেশি দামে বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে র‌্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রায় ৩৬ হাজার লিটারের বেশি ভোজ্যতেল জব্দ করা হয়, যা বাজারে কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফা অর্জনের উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে জানা গেছে।

বিজ্ঞাপন

রবিবার (১৯ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার কাকচিরা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৮ এর পটুয়াখালী ক্যাম্পের একটি দল সেখানে অভিযান চালায়।

অভিযানকালে দয়াল এন্টারপ্রাইজ ও খাদিজা এন্টারপ্রাইজ নামে দুটি প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে মোট ১৮০ ব্যারেল ভোজ্যতেল উদ্ধার করা হয়, যার পরিমাণ আনুমানিক ৩৬ হাজার ৭২০ লিটার। এত বিপুল পরিমাণ তেল মজুদ করে রাখার বিষয়টি তাৎক্ষণিকভাবে সন্দেহজনক বলে মনে হয় এবং পরবর্তীতে এর সঙ্গে অনিয়মের বিষয়টি নিশ্চিত হয়।

বিজ্ঞাপন

অসাধু উপায়ে পণ্য মজুদ এবং বাজারমূল্যের চেয়ে বেশি দামে বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে পৃথকভাবে জরিমানা করা হয়। এর মধ্যে দয়াল এন্টারপ্রাইজকে ৪০ হাজার টাকা এবং খাদিজা এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

র‌্যাব-৮ সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার রাশেদ জানান, কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ ভোক্তাদের ভোগান্তিতে ফেলছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে। অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

অভিযান শেষে জব্দ করা ভোজ্যতেল ন্যায্যমূল্যে বিক্রির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ক্রেতারা, যারা দীর্ঘদিন ধরে নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে ভুগছিলেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD