মির্জাপুরে হাত বাঁধা অবস্থায় জুট ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে হাত বাঁধা অবস্থায় এক জুট ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আতিকুর রহমান। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং হত্যাকাণ্ডটি ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত আনুমানিক ৯টার দিকে মির্জাপুর উপজেলার সাটিয়াচূড়া এলাকায় সড়কের পাশে এক ব্যক্তিকে হাত বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা সন্দেহজনক মনে করে পুলিশে খবর দেন। পরে মির্জাপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।\
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর মরদেহটি সেখানে ফেলে রাখা হয়েছিল। জুট ব্যবসাকে কেন্দ্র করে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে।
বিজ্ঞাপন
নিহত আতিকুর রহমান টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দশানী বকশিয়া গ্রামের বাসিন্দা খালেদুর রহমানের ছেলে। তার পরিবার ও স্বজনদের মাঝে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুমন জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করার পর ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
বিজ্ঞাপন
এ ঘটনায় নিহতের স্ত্রী, পেশায় স্কুলশিক্ষিকা শারমিন জাহান বাদী হয়ে মির্জাপুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করেছেন।








