Logo

দেশে কমছে না হামের প্রকোপ, ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ এপ্রিল, ২০২৬, ২০:৫২
দেশে কমছে না হামের প্রকোপ, ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

দেশজুড়ে হামের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও চারটি শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা পাওয়া যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞাপন

শনিবার (১৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, একই সময়ে নতুন করে ৮৬ জন হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে বা সন্দেহজনক অবস্থায় ৯৪২ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বর্তমান সময় পর্যন্ত সারা দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৩৭ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ বা সন্দেহজনক কারণে আরও ১৭৮ জন শিশুর মৃত্যু রেকর্ড করা হয়েছে।

এই সময়ে দেশে মোট ৩ হাজার ৩৭৮ জন রোগী নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন। এছাড়া সন্দেহভাজন বা উপসর্গযুক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৪০৯ জনে।

বিজ্ঞাপন

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের এই বিস্তার নিয়ন্ত্রণে দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার করা এবং জনসচেতনতা বাড়ানো জরুরি। বিশেষ করে শিশুদের ঝুঁকি কমাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও টিকা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছেন তারা।

অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আক্রান্ত এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দেশে ধারাবাহিকভাবে নতুন রোগী শনাক্ত ও মৃত্যুর ঘটনায় জনমনে উদ্বেগ বাড়ছে, বিশেষ করে শিশুদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে অভিভাবকদের মধ্যে দুশ্চিন্তা দেখা দিয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD