Logo

হাম নিয়ে সব হাসপাতালকে জরুরি কড়া নির্দেশনা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ এপ্রিল, ২০২৬, ২০:০৫
হাম নিয়ে সব হাসপাতালকে জরুরি কড়া নির্দেশনা
ছবি: সংগৃহীত

দেশে হাম রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সব সরকারি হাসপাতালকে জরুরি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। কোনো অবস্থাতেই হাম বা হামের উপসর্গ নিয়ে আসা রোগীকে অন্যত্র ফেরত না পাঠাতে বলা হয়েছে। শয্যা সংকট থাকলেও রোগীর চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় অতিরিক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক জরুরি আদেশে দেশের সব সরকারি হাসপাতালকে তাৎক্ষণিকভাবে এ নির্দেশনা বাস্তবায়নের কথা জানানো হয়।

নির্দেশনায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, হাসপাতালে বেড খালি না থাকলেও কোনো রোগীকে ফিরিয়ে দেওয়া যাবে না বা অন্য হাসপাতালে পাঠানো যাবে না। প্রয়োজনে অতিরিক্ত শয্যা স্থাপনসহ বিকল্প ব্যবস্থার মাধ্যমে চিকিৎসা নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, শুধুমাত্র উন্নত চিকিৎসার প্রয়োজন হলে রোগীকে অন্য হাসপাতালে পাঠানো যাবে। তবে সে ক্ষেত্রে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল এবং বিশেষায়িত হাসপাতালের নির্ধারিত রেফারাল ব্যবস্থা কঠোরভাবে অনুসরণ করতে হবে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে জবাবদিহির আওতায় আনা হবে বলেও সতর্ক করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত কয়েক মাস ধরে দেশে হাম রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে, ফলে হাসপাতালগুলোতে বাড়তি চাপ তৈরি হয়েছে। এ অবস্থায় রোগীদের সেবা নিশ্চিতে এবং চিকিৎসা ব্যবস্থাকে সচল রাখতে এই বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD