হামে বিপর্যস্ত গাজীপুর, ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু

গাজীপুরে হামের প্রকোপ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রবিবার (৩ মে) সন্ধ্যা ৭টার দিকে তাদের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডা. আমিনুল ইসলাম।
মারা যাওয়া শিশুদের একজন রাইহান (৯ মাস), গাজীপুরের বাসন চৌরাস্তা এলাকার জাকির হোসেনের ছেলে। অপরজন সিফাত (৫ মাস), শ্রীপুর উপজেলার মাওনা এলাকার খোকন মিয়ার সন্তান।
বিজ্ঞাপন
এদিকে, হামের উপসর্গ নিয়ে হাসপাতালে রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। বর্তমানে অর্ধশতাধিক শিশু চিকিৎসাধীন রয়েছে। রোগীর চাপ বাড়ায় হাসপাতালের চিকিৎসা ব্যবস্থায় চাপ তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।
হাসপাতালের পরিচালক ডা. আমিনুল ইসলাম বলেন, “হামে আক্রান্ত শিশুদের জন্য আলাদা আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। তবে রোগীর সংখ্যা ধারণক্ষমতার প্রায় তিনগুণ হওয়ায় বারান্দাসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দিতে হচ্ছে।”
বিজ্ঞাপন
তিনি আরও জানান, হাসপাতালে এনআইসিইউ না থাকলেও বিকল্প একটি বিশেষ ডিভাইসের মাধ্যমে নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের অক্সিজেন সাপোর্ট দেওয়া হচ্ছে। তিনি অভিভাবকদের আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানান।
চিকিৎসকদের মতে, হামের ঝুঁকি কমাতে শিশুদের সময়মতো টিকা প্রদান, মায়ের দুধ পান করানো এবং পুষ্টিকর খাবার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। পাশাপাশি অভিভাবকদের আরও সচেতন হওয়ার ওপর জোর দেওয়া হয়েছে।







